প্রবীণতম তারা!

মহাবিশ্বের সবচেয়ে বয়স্ক বা প্রবীণতম তারাটিকে খুঁজে পেয়েছেন বলে অস্ট্রেলিয়ার বিজ্ঞানীরা দাবি করেছেন। প্রায় ১৩শ ৬০ কোটি বছর আগের এই ‘টাইম ক্যাপসুল’ নিয়ে গবেষণা করে এখন প্রথম দিকের নক্ষত্রের চরিত্র বোঝার চেষ্টা করতে পারবেন বিজ্ঞানীরা।
অস্ট্রেলিয়ান ন্যাশনাল ইউনিভার্সিটির একদল বিজ্ঞানী নিউ সাউথ ওয়েলসের কোনাবারবারানের কাছে একটি মানমন্দিরে এ নিয়ে গবেষণা চালিয়ে আসছিলেন। সম্প্রতি সাইডিং স্প্রিং মানমন্দিরের শক্তিশালী টেলিস্কোপ দিয়ে ওই তারাটিকে খুঁজে পান এই বিজ্ঞানীরা। এই আবিষ্কারে উদ্বেলিত জ্যোতির্বিদেরা বলছেন এ ঘটনা ‘৬ কোটিতে এক বার ঘটে’।
জ্যোতির্বিদ দলটির প্রধান ড. স্টিফেন কেলার বলেন, ‘দারুণ খুশিতে আমি চমকে গিয়েছিলাম। এটা খড়ের গাদায় সুচ খোঁজবার মতো পরিস্থিতি।’
দক্ষিণ নভোমণ্ডলের প্রথম ডিজিটাল মানচিত্র তৈরির প্রকল্পের অংশ হিসেবে দীর্ঘদিন ধরে গবেষণা চালিয়ে আসছেন এই জ্যোতির্বিদেরা। যে টেলিস্কোপ দিয়ে বিজ্ঞানীরা এই তারা অনুসন্ধান করছেন সাইডিং স্প্রিং মানমন্দিরের ওই বিশেষ টেলিস্কোপটির নাম ‘স্কাই ম্যাপার’। টেলিস্কোপটির কেন্দ্রে আছে একটি ২৬৮ মেগা পিক্সেলের একটি ক্যামেরা যা প্রতি মিনিটে আকাশের একটি বিশেষ অংশের ছবি তোলে। এই ক্যামেরা আকাশের নির্বাচিত যে অংশের ছবি তুলতে পারে তা পূর্ণিমার পূর্ণ চাঁদের চেয়ে প্রায় ২৯ গুণ বড়।
জ্যোতির্বিদ কেলার জানান, ‘তারার রং দেখেই আমরা বলে দিতে পারি যে, কোন তারাটির অনেক পুরোনো হতে পারে। আমরা অনুমান করতে পারি ওই তারায় কী পরিমাণ লৌহ আছে, একটি তারায় যতো বেশি লৌহ থাকবে তারাটি ততই নবীন।’
তিনি আরও জানান, ‘যে তারাটির কথা আমরা ঘোষণা করেছি তাতে লৌহের পরিমাণ গড় তারাদের তুলনায় প্রায় ৬০ গুণ কম।’
অস্ট্রেলীয় এই বিজ্ঞানী এই তারাটিকে একটি ‘টাইম ক্যাপসুলে’র সঙ্গে তুলনা করেন। বিষয়টি ব্যাখ্যা করে তিনি বলেন, এই আবিষ্কারের ফলে ‘প্রথম দিকের তারা’ হিসেবে ধারণা করা হতো এমন অনেক তারা ওই তালিকা থেকে বাদ পড়ে যাচ্ছে। এই তারার ভর আমাদের সৌরজগতের সূর্যের চেয়ে অন্তত ৬০ গুণ বেশি ছিল। মহাকাশের প্রাচীন যুগে একটা বড় তারা হিসেবে এটা বেড়ে উঠেছিল এবং একটা সুপারনোভার বিস্ফোরণে এটা মরে গিয়েছিল।
ড. কেলার এবং তাঁর গবেষক দলের এই আবিষ্কারটি দক্ষিণ আমেরিকার চিলিতে ম্যাগালান টেলিস্কোপ দিয়ে পুনঃ পরীক্ষা করে নিশ্চিত হওয়া গেছে। বিজ্ঞান সাময়িকী ‘নেচার’ এর সর্বশেষ সংখ্যায় এই আবিষ্কারের কথা প্রকাশিত হয়েছে।