প্রবীণদের জন্য ভিডিওগেম

প্রবীণ ব্যক্তিদের মানসিক অবস্থার অবনতি রোধে কার্যকর একটি বিশেষ ভিডিওগেম তৈরি করেছেন মার্কিন গবেষকেরা। নিউরোরেসার নামের এই ভিডিওগেম ব্যবহারে বৃদ্ধদের মনোভাব সতেজ ও চাঙা হবে বলে দাবি করা হচ্ছে। নেচার সাময়িকীতে এই গবেষণা প্রতিবেদন প্রকাশিত হয়েছে। যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া বিশ্ববিদ্যালয়ের গবেষকেরা বলেন, নিউরোকার খেলায় একই সঙ্গে বেশ কয়েকটি কাজ করতে হবে বৃদ্ধদের। পরীক্ষামূলক উদ্দেশ্যে ৬০ থেকে ৮৫ বছর বয়সী স্বেচ্ছাসেবীদের এই ভিডিওগেম ১২ ঘণ্টা ধরে খেলতে দেওয়া হয়েছিল। এক মাসে তাঁরা এই খেলায় অনেক দক্ষ হয়ে ওঠেন এবং একপর্যায়ে তরুণদের সমপর্যায়ের দক্ষতা অর্জনে সমর্থ হন। পাশাপাশি তাঁদের মস্তিষ্কের কার্যকারিতাও বিস্ময়করভাবে বেড়ে যায়। যুক্তরাজ্যের বার্মিংহাম বিশ্ববিদ্যালয়ের গবেষক এমিল টোয়েস্কু বলেন, এই প্রক্রিয়ায় একজন বৃদ্ধকে একই কাজের পুনরাবৃত্তির মাধ্যমে মস্তিষ্কের দক্ষতা বাড়াতে হলেও গবেষণাটি আকর্ষণীয়। এএফপি।