প্রবীণদের পরিচর্যায় রোবট-ভালুক

জাপানের মধ্যাঞ্চলীয় শহর নাগোয়ার বাইরে নির্জন একটি ভবনের ভেতর কাজ করছেন একদল গবেষক। তাঁরা ভালুকের মতো করে একটি রোবট বানিয়েছেন। নাম রোবিয়ার। আধুনিক প্রযুক্তির কল্যাণে এটির বিভিন্ন সামর্থ্যের মধ্যে যুক্ত হয়েছে কৃত্রিম বুদ্ধিমত্তা, নমনীয় চলাফেরা আর শক্তিশালী দুটি হাত—যেগুলো ব্যবহার করে একজন মানুষকে মেঝে থেকে অনায়াসে ওপরে তুলে ফেলা যায়। আশা করা হচ্ছে, মানুষ ও যন্ত্রের মধ্যে গভীর সম্পর্ক স্থাপনে এই রোবিয়ার নতুন মাত্রা যোগ করবে।
সবচেয়ে বড় ব্যাপার হলো, রোবটটি বুদ্ধিমান ও বন্ধুভাবাপন্ন। আর দেখতেও বেশ সুন্দর। ভবিষ্যতে বয়স্ক লোকজনের পরিচর্যার কাজ আরও সহজ করার লক্ষ্যেই তৈরি করা হয়েছে এই রোবিয়ার। এই প্রকল্পের উদ্যোক্তা জাপানি বিজ্ঞানী তোশিহারু মুকাই। তিনি এ পর্যন্ত তিনটি রোবট-ভালুক বানিয়েছেন। রোবিয়ারে দিয়েছেন পরিচ্ছন্নতার প্রতীক সাদা রং। তিনি বলেন, প্রবীণ রোগীরা চোখের সামনে যান্ত্রিক কিছুর উপস্থিতি অপছন্দ করতে পারেন। তাই তাঁদের জন্য কাজ করবে এই বন্ধুসুলভ অবয়বের রোবট।
জাপানে প্রবীণ জনসংখ্যা বেড়েই চলেছে এবং তা দেশটির জাতীয় সমস্যা হিসেবে দেখা দিতে পারে। তাই প্রবীণবান্ধব প্রযুক্তির ব্যবহার বাড়ানোর লক্ষ্যে কাজ করছেন সেখানকার বিজ্ঞানীরা। রোবিয়ারও সেই প্রচেষ্টারই একটি অংশ।

রোবিয়ারের দাম একটু বেশিই বলতে হবে। প্রতিটি রোবটের জন্য খরচ পড়ে ১ লাখ ৬৮ হাজার মার্কিন ডলার থেকে ২ লাখ ৫২ হাজার ডলার পর্যন্ত। তবে ২০ থেকে ৩০ বছরের মধ্যে রোবিয়ারের দাম আরও কমানো সম্ভব বলে মনে করেন নির্মাতারা।
মুকাই বলেন, রোবটটির গঠন বেশ জটিল। তাই এটি রক্ষণাবেক্ষণ ও পরিচালন কিছুটা কঠিন। তবে তাঁরা এটির কার্যকারিতা আরও বাড়ানোর চেষ্টা করছেন। ট্যাবলেট কম্পিউটারের টাচস্ক্রিন পর্দার সাহায্যে এটিকে বিভিন্ন নির্দেশনা দেওয়া যায়। হয়তো আগামী ১০ বছরের মধ্যেই এই রোবট বা এটির আরও উন্নত সংস্করণ জাপানের প্রবীণ জনসাধারণের হাতের নাগালে আসবে। তবে এখনই এ ব্যাপারে নিশ্চিত করে বলার সুযোগ নেই।
সূত্র: দ্য ভার্জ