প্রয়োজন তথ্যপ্রযুক্তি-ব্যবস্থার বাস্তবায়ন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান সময়ে যেকোনো ধরনের প্রতিষ্ঠানে তথ্যপ্রযুক্তি বিভাগ প্রতিষ্ঠানের ব্যবসাসহ নানা কাজে ভূমিকা রাখছে। এ কারণে অন্যান্য বিভাগের পাশাপাশি তথ্যপ্রযুক্তি বিভাগও বেশ গুরুত্ব পাচ্ছে। এতে তথ্যপ্রযুক্তি খাতে বিপুলসংখ্যক মানুষের কর্মসংস্থান তৈরি হয়েছে। তবে প্রতিষ্ঠানের উন্নয়নে ভূমিকা রাখতে হলে সবচেয়ে আধুনিক তথ্যপ্রযুক্তি-ব্যবস্থার চেয়ে যে প্রযুক্তিটি প্রতিষ্ঠানের জন্য বেশি উপযোগী তার দিকে নজর দিতে হবে। বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তাদের (সিআইও) সম্মেলনে বক্তারা এসব কথা বলেন। ‘সিআইও সামিট বাংলাদেশ ২০১২’ নামের এ সম্মেলনের আয়োজন করে ভারতের ব্যবসা ও প্রযুক্তিবিষয়ক প্রকাশনা সংস্থা ইউনাইটেড বিজনেস মিডিয়া (ইউবিএম ইন্ডিয়া)। সম্মেলনে উপস্থিত ছিলেন অ্যাসোসিয়েশন অব মোবাইল টেলিকম অপারেটরস অব বাংলাদেশের (অ্যামটব) সাধারণ সম্পাদক টি আই এম নুরুল কবির, ডিজিটাল ওয়ার্ল্ড ২০১২-এর জ্যেষ্ঠ পরামর্শক মুনির হাসান, ফাইবার অ্যাট হোমের সুমন আহমেদ, ইউবিএম ইন্ডিয়ার সহযোগী সম্পাদক ও প্রকল্প পরিচালক আনিস আহমেদসহ আরও অনেকে। সঞ্চালনা করেন তথ্যপ্রযুক্তি উদ্যোক্তা ও পরামর্শক সুফি ফারুক ইবনে আবুবকর।সম্মেলনে বক্তারা বিভিন্ন প্রতিষ্ঠানের প্রধান তথ্যপ্রযুক্তি কর্মকর্তাদের কাজের ধরন, প্রতিষ্ঠানের ব্যবসা বাড়াতে প্রযুক্তি বিভাগের ভূমিকা কেমন হবে, কম বিনিয়োগ করে অধিক মুনাফা লাভসহ নানা বিষয়ে বক্তব্য দেন। মুনির হাসান বলেন, ‘যেকোনো প্রতিষ্ঠানের ব্যবসা উন্নয়নে তথ্যপ্রযুক্তি বিভাগের অবকাঠামোগত উন্নয়ন করা প্রয়োজন। তথ্যপ্রযুক্তি বিভাগকে বাড়তি খরচ মনে না করে বিনিয়োগ ভাবতে হবে। তথ্যপ্রযুক্তির কল্যাণে এখন প্রতিষ্ঠানের সময়, ব্যয় ও ঝুঁকি তিনটাই কমানো যায়।’ পাশাপাশি ইউবিএম ইন্ডিয়া থেকে অ্যাপলিকেশন পারফরম্যান্স ব্যবস্থাপনা, প্রতিষ্ঠানে প্রযুক্তি সমন্বয় ও ভিডিও কনফারেন্সিং নিয়ে পৃথক তিনটি উপস্থাপনা দেখানো হয়। সম্মেলনের শেষ দিকে ছিল প্রশ্নোত্তর পর্ব। এতে সহযোগিতা করে চেকপয়েন্ট, ফ্লুক নেটওয়ার্ক, পলিকম ও রেডিংটন। —নিজস্ব প্রতিবেদক