প্রযুক্তি উদ্যোক্তাদের জন্য এসএমই তহবিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ক্ষুদ্র প্রযুক্তি উদ্যোক্তাদের বিকাশের জন্য ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ (এসএমই) তহবিল গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আর এ ক্ষুদ্র উদ্যোক্তারাই পারে আগামী দিনের ডিজিটাল বাংলাদেশের স্বপ্ন বাস্তবায়ন করতে। গতকাল বুধবার ঢাকায় অনুষ্ঠিত ‘এসএমই তহবিল এবং প্রযুক্তি উদ্যোক্তা’ শীর্ষক এক গোলটেবিল বৈঠকে আলোচকেরা এ মত দিয়েছেন। ব্র্যাক ব্যাংকের সহযোগিতায় নিওস্টার ইনোভেশন ১৫ ফেব্রুয়ারি এ গোলটেবিল বৈঠকের আয়োজন করে। খবর বিজ্ঞপ্তির।বৈঠকের প্রধান অতিথি ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হাসানুল হক ইনু বলেন, ক্ষুদ্র উদ্যোক্তাদের ক্ষমতায়ন করা গেলে দেশে অর্থনীতি সমৃদ্ধ হবে। ব্যাংকগুলো সহজশর্তে কোনো বিশেষ ব্যবস্থায় এ উদ্যোক্তাদের ঋণ দিলে দেশে প্রযুক্তিনির্ভর ব্যবসা বিকাশ লাভ করবে এবং কর্মসংস্থান হবে। বাংলাদেশ আউটসোর্সিংয়ের একটি আদর্শ দেশ হিসেবে পরিচিতি লাভ করছে। গোলটেবিল বৈঠকে মূল প্রবন্ধ উপস্থাপন করেন ইস্টওয়েস্ট ইউনিভার্সিটির সহকারী অধ্যাপক মুস্তফা হোসেইন। বৈঠকটি পরিচালনা করেন টেকনোহেভেন গ্রুপের চেয়ারম্যান হাবিবুল্লাহ এন করিম। এতে ব্র্যাক ব্যাংকের এসএমই শাখার প্রধান আবদুর রহমান, মাইক্রোসফট বাংলাদেশের হেড অব পাবলিক সেক্টর কে এম ইমরান আল-আমিন, বিডিকমের ব্যবস্থাপনা পরিচালক সুমন আহমেদ, স্কয়ার ইনফরমেটিকসের ব্যবস্থাপক আহম্মেদ ইউ ভূঁইয়াসহ অনেকে আলোচনা করেন।