প্রযুক্তি চশমা চোখে ট্রেন ভ্রমণে গুগল সহ-প্রতিষ্ঠাতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নতুন ধরনের প্রযুক্তি চশমা চোখে ট্রেনে ঘুরতে বেরিয়েছিলেন গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন। নিউ ইয়র্কের সাবওয়েতে গত রোববার সন্ধ্যায় ভ্রমণে বেরোনোর সময় তাঁর চোখে ছিল গুগলের আলোচিত প্রযুক্তি চশমা। এ চশমা ব্যবহার করে দিক নির্দেশনা, বার্তা পাঠানো, ইন্টারনেট ব্রাউজ করা, ছবি তোলার মতো কাজগুলো করা যায়। খবর টেলিগ্রাফ অনলাইন-এর।২০১২ সালে মাত্র এক হাজার ৫০০ ডলারে ‘গুগল গ্লাস’ নামের একটি প্রযুক্তি চশমা বা গ্লাস বাজারে আনার ঘোষণা দিয়েছিল গুগল। যদিও এ চশমা এখনও বাজারে আসেনি, তবে চশমার কার্যকারিতা পরীক্ষায় নিজেই মাঠে নেমেছেন দুই হাজার কোটি ডলারের মালিক গুগলের সহ-প্রতিষ্ঠাতা সের্গেই ব্রিন।ব্রিনকে চিনতে পারার পর টুইটারে টুইট করেন নোয়া জার্কিন নামের এক ব্যক্তি। তাঁর ভাষ্য, চোখে প্রযুক্তি চশমা, মাথায় শীতের টুপি আর হাতে প্লাস্টিক ব্যাগ হাতে থাকা ব্রিনকে সহজে চেনা মুশকিল ছিল। আর তাঁর এভাবে ট্রেনে চেপে ভ্রমণে বেরোনো তো অবিশ্বাস্য।এর আগে গত বছরের এপ্রিল মাসে আনুষ্ঠানিকভাবে ‘ভারচুয়াল রিয়েলিটি গ্লাস’ বিষয়ে তথ্য দিয়েছিল গুগল। ৪ এপ্রিল বুধবার গুগল আনুষ্ঠানিকভাবে একটি ভিডিওর মাধ্যমে তাদের প্রযুক্তি চশমা সম্পর্কে জানিয়েছিল যে, চশমাটি খুবই পাতলা, এর ডান কোনায় বসানো রয়েছে ছোট একটি গ্লাস, যার মাধ্যমে ব্যবহারকারীর কাছে তথ্য পৌঁছায়। চশমাধারী তাঁর চোখের সামনে ফুটে ওঠা অ্যাপ্লিকেশন কণ্ঠস্বরের মাধ্যমে নিয়ন্ত্রণ করে ছবি তোলা, ভিডিও করা, আবহাওয়ার তথ্য জানার মত কাজগুলো করতে পারেন। এ চশমা অনেকটাই ‘টার্মিনেটর’ চলচ্চিত্রে দেখানো ডিসপ্লে অথবা গেমের হেড আপ ডিসপ্লের (এইচইউডি) মতো।গুগলের এ চশমা শুধু গুগলের নির্দিষ্ট কিছু ব্যক্তিই পরখ করে দেখার সুযোগ পেয়েছেন।