প্রযুক্তি-দক্ষদের সহযোগিতার লক্ষ্যে বিআইটিএমের উদ্যোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিআইটিএম আয়োজিত জব প্লেসমেন্ট ফেয়ার
বিআইটিএম আয়োজিত জব প্লেসমেন্ট ফেয়ার

ফাস্ট ট্রাক ফিউচার লিডার (এফটিএফএল) কর্মসূচির প্রথম ব্যাচে প্রশিক্ষণপ্রাপ্ত ১৪৮ প্রযুক্তি-দক্ষ কর্মীকে চাকরি দিতে গতকাল শনিবার ‘জব প্লেসমেন্ট ফেয়ার’ অনুষ্ঠিত হয়েছে। এর আয়োজক বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম)।

দেশের তথ্যপ্রযুক্তি ও তথ্যপ্রযুক্তি নির্ভর সেবাদাতা কোম্পানির জন্য একুশ শতকের উপযোগী দক্ষ জনবল তৈরি করতে পরিচালিত হচ্ছে সরকারের লিভারেজিং আইসিটি ফর গ্রোথ, ইমপ্লয়মেন্ট অ্যান্ড গভর্ন্যান্স (এলআইসিটি) প্রকল্প। এ প্রকল্পের অধীনে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট (বিআইটিএম) ফাস্ট ট্রাক ফিউচার লিডার (এফটিএফএল) কর্মসূচি পরিচালনা করছে। বেসিস সূত্রে এ তথ্য জানা গেছে।

বিআইটিএম জানিয়েছে, ফাস্ট ট্রাক ফিউচার লিডার (এফটিএফএল) প্রোগ্রামের প্রথম ব্যাচে ১৪৮ জন স্নাতক ও স্নাতকোত্তর শিক্ষার্থীদের প্রশিক্ষণ শেষ হওয়ায় তাদের জন্য বিভিন্ন প্রতিষ্ঠানে চাকরির সুযোগ করে দিতে ‘জব প্লেসমেন্ট ফেয়ার’ আয়োজন করা হয়। এতে মোট ৭টি ক্ষেত্রে প্রশিক্ষিত ১৪৮ জন তরুণ-তরুণীর সাক্ষাত্কার গ্রহণ করে দেশের বিভিন্ন প্রযুক্তি-প্রতিষ্ঠান। এতে ডাটাসফট সিস্টেমস বাংলাদেশ লিমিটেড, এসএসএল ওয়্যারলেস লিমিটেড, বেশতো লিমিটেড, লিডস কর্পোরেশন, জানালা বাংলাদেশ লিমিটেড, গণনা টেকনোলজিস লিমিটেড, বাংলা ট্র্যাক, স্পেকট্রাম ইঞ্জিনিয়ারিং কনসোর্টিয়াম লিমিটেডসহ বেসিস এর সদস্যভুক্ত মোট ২০টি কোম্পানি সাক্ষাত্কার গ্রহণ করে।

এলআইসিটি প্রকল্পের কম্পোনেন্ট টিম লিডার ফখরুজ্জামান জানিয়েছেন, বিশ্বব্যাংকের আর্থিক সহায়তায় ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের আওতাধীন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল (বিসিসি) এই প্রকল্প বাস্তবায়ন করছে।
সফটওয়্যার ডেভেলপমেন্ট, বিজনেস প্রসেস আউটসোর্সিং (বিপিও) ও আইটি ম্যানেজমেন্টে দক্ষ জনশক্তি তৈরির লক্ষে ৩ মাসের এই কর্মসূচি পরিচালিত হয়। এতে প্রশিক্ষণার্থীরা তথ্য-প্রযুক্তির বিভিন্ন বিষয়ে দক্ষতা বৃদ্ধির প্রশিক্ষণ পান। এই দক্ষ কর্মীদের মধ্য থেকে জব প্লেসমেন্ট ফেয়ারের মাধ্যমে প্রতিষ্ঠানগুলো তাদের প্রয়োজন অনুযায়ী দক্ষ প্রার্থীকে বেছে নেওয়ার সুযোগ পান। এতে প্রতিষ্ঠান যেমন দক্ষ কর্মী পান তেমনি প্রশিক্ষণার্থীরাও চাকরির সুযোগ পান।
ভবিষ্যতেও এই কর্মসূচি চালু ও চাকরির উদ্যোগ অব্যাহত থাকবে বলেই এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বেসিস ইনস্টিটিউট অব টেকনোলজি অ্যান্ড ম্যানেজমেন্ট কর্তৃপক্ষ।