প্রযুক্তি ধ্বংস করছে বইয়ের ব্যবসা!
কলকাতার কলেজস্ট্রিটে একসময় পুরোনো বইয়ের পসরা সাজিয়ে বসতেন বিক্রেতারা। হায়দরাবাদের আবিদস বুক স্টোর ছিল রকমারি পুরোনো বইয়ের দুর্দান্ত এক সংগ্রহশালা। বেঙ্গালুরুর পুরোনো বইয়ের দোকান ভেনারেবল ব্যাঙ্গালোর ইনস্টিটিউশনের বয়স তো ভারতের চেয়েও দুই বছর বেশি। পুরোনো বইয়ের এই ঐতিহাসিক দোকান ও স্থানগুলো আজ যেন ভাঙা হাট। কারণ, প্রযুক্তির চরম উৎকর্ষের এই যুগে ই-বুক শপগুলো দখল করে নিয়েছে পুরোনো বইয়ের ব্যবসা। প্রজন্মের পর প্রজন্ম পুরোনো বই বিক্রির ঐতিহ্য ধরে রাখার পর এই ব্যবসার সঙ্গে জড়িতরা যেন আজ বড্ড বেশি ক্লান্ত-পরিশ্রান্ত।কেবল ভারতেই নয়, সারা বিশ্বেই পুরোনো বইয়ের বাজারে চলেছে চরম মন্দা। লন্ডন কিংবা নিউইয়র্কেও পুরোনো বইয়ের দোকানিরা হয় ব্যবসা বন্ধ করে দিচ্ছেন নয়তো যুগের সঙ্গে তাল মিলিয়ে চলার জন্য তাদের ব্যবসায়ে আনছেন নানা ধরনের প্রযুক্তির ছোঁয়া।ঐতিহাসিক ও দুষ্প্রাপ্য বই পড়া যাদের নেশা, তারা এ নেশা মেটাচ্ছেন ইন্টারনেট নামের এক মহাসাগর সেচে। সিন্ধু সেচে মুক্তা তোলা কঠিন হলেও ইন্টারনেটের মহাসাগর সেচে আরাধ্য কিছু খুঁজে বের করা ঢের সহজ। দরকার কেবল একটি কম্পিউটার ও নিরবচ্ছিন্ন ইন্টারনেট সংযোগ। পৃথিবীর বিভিন্ন শহরের ফুটপাতে কিংবা অভিজাত বইয়ের দোকানে যেসব বই পাওয়া যেত, তার প্রায় সবই এখন পাওয়া যাচ্ছে ইন্টারনেটের বিভিন্ন ওয়েবসাইটে। দুষ্প্রাপ্য অনেক বই পেতে আর গ্রন্থাগারে যাওয়ার দরকার নেই। ঘরে বসেই মাউসে একটা ক্লিক করে পুরো বইটিই চোখের সামনে নিয়ে আসা যায়। তবে এজন্য আপনাকে হয়তো কিছু পয়সা খরচ করতে হতে পারে। তবে তা গ্রন্থাগারে গিয়ে ধুলো-বালি ঠেলে পুরোনো বই ঘেঁটে বের করার চেয়ে অনেক সহজ। ক্রেডিট কার্ড তো এখন সবারই পকেটে। দুুষ্প্রাপ্য বই পেতে এমনকি নগদ অর্থ খরচেরও দরকার নেই আপনার।এ তো গেল ডেস্কটপ কম্পিউটারের কথা। পৃথিবী তো এখন আর ডেস্কটপ জগতে আটকে নেই। আইফোন, আইপ্যাড, গ্যালাক্সি ট্যাব—কত কী সব নাম! কত রকম তাদের ব্যবহার। ওটা আপনার যোগাযোগেরও মাধ্যম, আবার বই পড়ে মনের ক্ষুধা মেটানোরও মাধ্যম। ধরুনতো হাতে যে যন্ত্রটা আছে, তা দিয়ে আপনি যখন খুশি, যেখানে খুশি বসে বই পড়তে পারছেন। এ সুবিধা থাকতে কে কষ্ট করে বইয়ের দোকানে গিয়ে বই খুঁজে মরে! যুগ নাকি এখন ব্যক্তিগত কম্পিউটার পরবর্তী সময়ের। ওই যে আইফোন, আইপ্যাড—এগুলোতো ব্যক্তিগত ডেস্কটপ কম্পিউটারকে দূরে তাড়িয়ে দিচ্ছে। ডেস্কটপ কম্পিউটারের রমরমা থাকতে, পুরোনো বইয়ের বাজার যাওবা টিকে ছিল, পকেট পিসি বা ট্যাবলেট পিসির যুগে তা সত্যিই ‘পালাই’ ‘পালাই’ করছে।এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নাম কে না শুনেছে! পৃথিবীর তাবৎ তথ্য সন্নিবেশিত হরেক খণ্ডে বিভক্ত এই পুস্তক-যজ্ঞে। একটা সময় ছিল, যখন বাসাবাড়িতে ব্যক্তিগত বইয়ের লাইব্রেরিতে এনসাইক্লোপিডিয়া ব্রিটানিকার নানা খণ্ড সংগ্রহ করে রাখা ছিল এলিটিজমের পরিচায়ক। বহু অর্থ খরচ করে এই এনসাইক্লোপিডিয়ার বিভিন্ন সংস্করণ সংগ্রহ করত বইপ্রেমীরা। আজ এই এনসাইক্লোপিডিয়া হাতের আইফোনের এক ঝটকাতেই পড়া যায়। (ঝটকা বলার কারণ, আইফোন তো আবার টাচ স্ক্রিনের। স্ক্রিনে স্পর্শ করলেই প্রযুক্তির নানা গোলকধাঁধায় ঘুরতে থাকে মানুষ।)ইন্টারনেট যুগের আগেই পুরোনো বইয়ের বাজারে লেগেছিল ঝড়ের ঝাপটা। তত দিনে পৃথিবীতে এসে গেছে ফটোস্ট্যাট ও স্ক্যানারের যুগ। পাতার পর পাতা ফটোকপি করে পাইরেটেড বই বিক্রির বাজারটাও তাই জমে উঠেছিল সে সময়টায়। কিছু অর্থের বিনিময়ে স্ক্যানার দিয়ে স্ক্যান করিয়ে অনেক দুষ্প্রাপ্য বইই তখন উঠে আসত ব্যক্তিগত সংগ্রহশালায়।প্রযুক্তির সঙ্গে তবে কি বিরোধে নেমেছে বইয়ের জগৎ? অলস দুপুরে বিছানায় শুয়ে কিংবা লাইব্রেরিতে বসে একটি মিষ্টি উপন্যাস পাঠের সুখ কি হাতের ওই আইফোন দিয়ে মেটানো সম্ভব? ঝড়-ঝঞ্ঝা বিক্ষুব্ধ এলোমেলো হাওয়ার রহস্যময় রাতে রক্ত হিম করা থ্রিলার পড়ার আনন্দ তো ইন্টারনেট মেটাতে পারে না। গণগ্রন্থাগারে বসে ধূলি ধূসর পুথির পাতা আলতোভাবে, সাবধানে উল্টিয়ে গবেষণার মজা কি তবে মানুষ আর পাবে না? প্রযুক্তি কি আসলেই মানুষকে যান্ত্রিক করে তুলবে? এর উত্তর হয়তো পাওয়া যাবে অদূর ভবিষ্যতেই। তার আগে বলে রাখি, পুরোনো ও দুষ্প্রাপ্য বইয়ের সংগ্রহশালার ব্যবসা করে দুই পয়সা কামানো মানুষেরা কিন্তু সত্যিই ভালো নেই। প্রযুক্তি তাদের কাছে বড় নিষ্ঠুর, বড় কঠিন!