প্রযুক্তি প্রতিষ্ঠানগুলোর প্রধানদের সঙ্গে বৈঠকে বসছেন জো বাইডেন
মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন কাল বুধবার সাইবার নিরাপত্তা নিয়ে বৈঠকে বসবেন বলে একাধিক সংবাদ প্রতিবেদনে জানানো হয়েছে। মূল আলোচ্য বিষয় হলো, সাম্প্রতিক সাইবার হামলার পর প্রতিষ্ঠানগুলো কীভাবে সাইবার নিরাপত্তা আরও জোরদার করতে পারে, তা ভেবে দেখা।
বৈঠকে অ্যাপলের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) টিম কুক, মাইক্রোসফটের সিইও সত্য নাদেলা এবং আমাজনের সিইও অ্যান্ডি জ্যাসি যোগ দেবেন বলে জানিয়েছে সংবাদমাধ্যম ব্লুমবার্গ। গুগল, আইবিএম, জেপি-মরগ্যান চেজ এবং জ্বালানিবিষয়ক প্রতিষ্ঠান সাউদার্ন কোম্পানির প্রধানদেরও নিমন্ত্রণ জানানো হয়েছে বলে শোনা যাচ্ছে।
দ্য ভার্জের প্রতিবেদনে বলা হয়েছে, বৈঠকের আলোচ্য বিষয়ের সার্বিক ধারণা পাওয়া গেলেও ঠিক কোন বিষয়গুলো উত্থাপন করা হবে, তা জানা সম্ভব হয়নি। তবে সাম্প্রতিক সময়ের সোলারউইন্ডস হ্যাক, ক্যাসেয়া র্যানসমওয়্যার হামলা কিংবা সাইবার হামলায় কলোনিয়াল পাইপলাইন বন্ধের বিষয়গুলো আলোচনায় আসবে বলে ধারণা করা হচ্ছে।
অবশ্য হোয়াইট হাউসসহ বৈঠকের কোনো পক্ষই এ নিয়ে মুখ খোলেনি এখনো।