প্রযুক্তি প্রতিষ্ঠানের ব্র্যান্ড অ্যাম্বাসেডর সাকিব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশের তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠান কম্পিউটার সোর্স লিমিটেডের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন বিশ্বসেরা অলরাউন্ডার ক্রিকেটার সাকিব আল হাসান। গত রোববার আনুষ্ঠানিকভাবে কম্পিউটার সোর্সের বিভিন্ন প্রযুক্তিপণ্য ও সেবা প্রসারে সহযাত্রী হতে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হন সাকিব। রাজধানীর একটি হোটেলে আয়োজিত জমকালো অনুষ্ঠানে এ সংক্রান্ত চুক্তিপত্র বিনিময় হয়। চুক্তি হওয়ার পর সাকিব আল হাসান বলেন, ‘আইপিএলে খেলতে যাওয়ার আগেই কম্পিউটার সোর্সের সঙ্গে কাজ করার ব্যাপারে আলাপ হয়েছিল। প্রযুক্তি সম্পর্কে আগ্রহ থাকায় আগে থেকেই প্রতিষ্ঠানটি সম্পর্কে আমার জানা ছিল এবং পরবর্তী সময়ে খোঁজ নিয়ে জানলাম, বিগত দুই বছর আমি নরটন অ্যান্টিভাইরাস ব্যবহার করছি, সেটা তারাই বাংলাদেশে বাজারজাত করে।’ এ সময় কম্পিউটার সোর্সের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ এম মাহফুজুল আরিফ বলেন, ‘ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে আজ সাকিবের মতো একজন অলরাউন্ডার পেয়ে আমরা গর্বিত। আশা করছি, সকিব ও কম্পিউটার সোর্স আগামীতে দেশের জন্য আরও কল্যাণ বয়ে আনতে সক্ষম হবে।’ অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের অলরাউন্ডার অফার ‘সাকিব যেমন, নরটনও তেমন’ ঘোষণা দেওয়া হয়। এই অফারের আওতায় প্রতিটি নরটন অ্যান্টিভাইরাসের সঙ্গে ৮ গিগাবাইট একটি অ্যাপাসার পেনড্রাইভ বিনা মূল্যে দেওয়া হবে। এ ছাড়া আগামী এক মাসে যাঁরা নরটন কিনবেন, তাঁদের মধ্যে লটারির মাধ্যমে ৩০ জন ক্রেতা এবং সর্বাধিক নরটন ডিলারের সঙ্গে অভিজাত হোটেলে ডিনার করবেন সাকিব।অনুষ্ঠানে সাকিবকে একটি ম্যাকবুক এয়ার ল্যাপটপ কম্পিউটার উপহার দেওয়া হয়। অনুষ্ঠানে কম্পিউটার সোর্সের নানা তথ্য তুলে ধরেন প্রতিষ্ঠানের পরিচালক এস এম মুহিবুল হক এবং আসিফ মাহমুদ। উপস্থিত ছিলেন কম্পিউটার সোর্সের চেয়ারপারসন সৈয়দা মাজেদা মেহের নিগার। শেষে সংগীত পরিবেশন করেন কণ্ঠশিল্পী রুনা লায়লা। —নুরুন্নবী চৌধুরী