প্রযুক্তি বাজারে পণ্যের ভবিষ্যত্ টু-ইন-ওয়ানেই!
বাজারের নতুন আকর্ষণ টু-ইন-ওয়ান পণ্য। প্রয়োজনে কখনো ল্যাপটপ আবার কখনো বা ট্যাব দুই ধরনের পণ্য হিসেবে ব্যবহার করা যায়। জনপ্রিয়তার দিক থেকে এই টু-ইন-ওয়ান পণ্য বাজারে বর্তমান সময়ের জনপ্রিয় ট্যাবলেটকে ছাড়িয়ে যেতে পারে বলেই ধারণা করছে ইনটেলের প্রযুক্তিবিদেরা। সম্প্রতি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে টেলিগ্রাফ অনলাইন।চলতি বছরের ৩ জুন ইনটেলের গবেষকেরা জানিয়েছেন, নতুন প্রজন্মের টু-ইন-ওয়ান পণ্যগুলোর ক্ষেত্রে গুরুত্ব দিচ্ছে যুক্তরাষ্ট্রের চিপ নির্মাতা প্রতিষ্ঠান ইনটেল। উইন্ডোজনির্ভর টু-ইন-ওয়ান পণ্যগুলোর জন্য নতুন প্রজন্মের চিপ তৈরির কথাও জানান ইনটেলের গবেষকেরা। ইনটেলের কর্মকর্তারা জানান, উইন্ডোজ ৮-এর জনপ্রিয়তা বাড়তে শুরু করলেও ল্যাপটপের বাজারে জনপ্রিয়তা আবারও বাড়বে। তাঁদের মতে, ৮০ শতাংশ ল্যাপটপ ব্যবহারকারী নতুন ল্যাপটপ কেনার পক্ষে। আর এক্ষেত্রে ট্যাবলেট ও ল্যাপটপ দুই ধরনের অভিজ্ঞতাই তাঁরা চান একটি পণ্যে। তাই শুধু ট্যাবলেটের পরিবর্তে টু-ইন-ওয়ান হতে পারে বাজারের ভবিষ্যত্ পণ্য।