প্রযুক্তি বিনিময়ে উন্নয়নশীল আট দেশের সভা শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীর একটি হোটেলে বুধবার ‘ডি-৮ টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম নেটওয়ার্ক (ডি-৮ টিটেন)’ শীর্ষক সভা শুরু হয়েছে। ছবি: আহমেদ দীপ্ত
রাজধানীর একটি হোটেলে বুধবার ‘ডি-৮ টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম নেটওয়ার্ক (ডি-৮ টিটেন)’ শীর্ষক সভা শুরু হয়েছে। ছবি: আহমেদ দীপ্ত

উন্নয়নশীল আটটি দেশে প্রযুক্তি হস্তান্তর ও নেটওয়ার্ক বিনিময়ের লক্ষ্যে শুরু হয়েছে উচ্চ পরিষদের সভা। দুই দিনের এই কর্মসূচিতে উন্নয়নশীল এই দেশ নিজেদের মধ্যে ওষুধ প্রযুক্তি বিনিময়ের ওপর জোর দিচ্ছে। দেশগুলোর মধ্যে প্রযুক্তিগত সহায়তাবিষয়ক চুক্তি স্বাক্ষরিত হবে।

রাজধানীর গুলশানে একটি হোটেলে আজ বুধবার ‘ডি-৮ টেকনোলজি ট্রান্সফার অ্যান্ড এক্সচেঞ্জ প্রোগ্রাম নেটওয়ার্ক (ডি-৮ টিটেন)’ শীর্ষক সভা শুরু হয়। উন্নয়নশীল দেশগুলোর উচ্চ পরিষদের সভা এবারের চতুর্থ আসরটি আয়োজন করেছে বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদ (বিসিএসআইআর)।

ডি-৮ টিটেনের সদস্য দেশগুলো হচ্ছে বাংলাদেশ, মিসর, তুরস্ক, ইরান, নাইজেরিয়া, পাকিস্তান, ইন্দোনেশিয়া ও মালয়েশিয়া। কর্মসূচির অংশ হিসেবে দেশগুলোর প্রযুক্তিবিষয়ক সচিব পর্যায়ের প্রতিনিধিরা অংশ নিচ্ছেন। আজ বুধবার দিনভর তাঁরা জৈব অনুরূপ পণ্যের প্রযুক্তিগত ব্যবসাবিষয়ক সভায় অংশ নেবেন। এ ছাড়া সভায় সংগঠনটির পরবর্তী আলোচ্যসূচি ঠিক করা হবে।

আন্তর্জাতিক এ সভার উদ্বোধন করেন বিজ্ঞান ও প্রযুক্তিমন্ত্রী ইয়াফেস ওসমান। প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘কম দামে উচ্চ মানের পণ্য সরবরাহ করে বিশ্ববাজারে গার্মেন্টস ও ফার্মাসিউটিক্যাল খাতে বাংলাদেশ অনেক সুনাম অর্জন করেছে। এই গুরুত্বপূর্ণ সভা থেকে আমাদের প্রযুক্তিগত সহায়তার পরবর্তী দিকনির্দেশনা পাওয়া যাবে।’

উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের সচিব আনোয়ার হোসেন বলেন, এই দেশে বিজ্ঞান ও প্রযুক্তির উদ্ভাবনে বিরতিহীনভাবে রুট লেভেলে কাজ হচ্ছে। বিজ্ঞান এবং উদ্ভাবনে বাংলাদেশের উল্লেখযোগ্য অগ্রগতি হচ্ছে।

সভার উদ্বোধনী অনুষ্ঠানের শুরুতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সংস্থা অনুবিভাগের মহাপরিচালক গাউসাল আজম বলেন, এই বছরের সেপ্টেম্বরে কাজাখস্তানে বিজ্ঞান ও প্রযুক্তি নিয়ে শীর্ষ সম্মেলন হবে। তিনি আশা করছেন, এ সভা থেকে আসা দিকনির্দেশনা সেপ্টেম্বরের শীর্ষ সম্মেলনে ইতিবাচক প্রভাব ফেলবে।

ডি-৮ টিটেনের এই চতুর্থ উচ্চ পরিষদের এই সভাতে সংগঠনটির মহাসচিব সৈয়দ আলী মোহাম্মদ মৌসাভি ‘অনিবার্য কারণে’ সভার উদ্বোধনী অংশে উপস্থিত থাকতে পারেননি। তাঁর পক্ষ থেকে সভায় উপস্থিত ছিলেন ডি-৮ সচিব (পরিচালক-১) নাসির আমিনূর। তিনি বলেন, সদস্য রাষ্ট্রগুলোর মধ্যে প্রযুক্তিগত বিনিময়ে এই সভাটি নিঃসন্দেহে ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে বিসিএসআইআরের চেয়ারম্যান মো. ফারুক আহমেদের সভাপতিত্বে ডি-৮ টিটেনের সচিব আকবার গানবারপাউর বক্তব্য দেন।