প্রযুক্তি ব্যবহার করে পাওয়া যাবে তথ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তথ্য অধিকার আরও নিশ্চিত করতে প্রধানমন্ত্রীর কার্যালয়ের একসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্প ও তথ্য কমিশনের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গতকাল বুধবার তথ্য কমিশন কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে চুক্তিতে স্বাক্ষর করেন এটুআইয়ের জাতীয় প্রকল্প পরিচালক মো. নজরুল ইসলাম খান ও তথ্য কমিশনের সচিব মো. ফরহাদ হোসেন। এ সময় উপস্থিত ছিলেন প্রধান তথ্য কমিশনার মোহাম্মদ জমির, তথ্য কমিশনার সাদেকা হালিম, বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক শামীম চৌধুরীসহ আরও অনেকে। এ চুক্তিটি বাস্তবায়িত হলে যেকোনো সরকারি, বেসরকারি, আধা-সরকারি প্রতিষ্ঠান ও উন্নয়ন সংস্থার কাছে তথ্য পেতে আবেদন করা যাবে। তথ্য না পেলে তথ্য কমিশন বরাবর অনলাইনে ও মুঠোফোনের মাধ্যমে অভিযোগ করা যাবে। এসব অভিযোগ জানানো ও দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সাফল্য-অভিজ্ঞতা বিনিময় করতে একটি ব্লগও তৈরি করা হবে। এ প্রকল্প বাস্তবায়ন করতে তথ্য কমিশনকে কারিগরি সহায়তা দেবে এটুআই প্রকল্প। পাশাপাশি জাতীয় তথ্য বাতায়ন (www.bangladesh.gov.bd) ও জাতীয় ই-তথ্যকোষ (www.infokosh.bangladesh.gov.bd) দুটি সাইটের লিংক দুটি তথ্য কমিশনের পোর্টালে যোগ করা হবে। —জিয়াউর রহমান চৌধুরী