‘বর্তমানে আধুনিক পদ্ধতি কাজে লাগিয়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষিক্ষেত্রে উন্নয়ন সম্ভব। আমাদের দেশের কৃষকেরা যথেষ্ট পরিশ্রমী এবং মেধাবী। তাদের কাছে প্রযুক্তিসুবিধা সহজে পৌঁছাতে পারলে কৃষি খাতের সার্বিক উন্নয়ন এগিয়ে যাবে।’ গত বৃহস্পতিবার কৃষিবিদদের চতুর্থ সম্মেলনে ‘ই-কৃষি: কৃষি খাতের উন্নয়নে নতুন অগ্রগতি’ শীর্ষক এক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। সেমিনারে প্রধান অতিথি খাদ্য ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আব্দুর রাজ্জাক বলেন, ‘বর্তমান সময়ে প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে কৃষি ক্ষেত্রে সফলতা আসবে এবং কৃষকদের টিকে থাকতে সাহায্য করবে। আমাদের মেধাবী কৃষকেরা নানা রকম উদ্ভাবনীর মাধ্যমে কাজ করছেন। এর সঙ্গে প্রযুক্তিকে মিলিয়ে ভালো কিছু করা সম্ভব।’ বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগপ্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান, কৃষিবিষয়ক সংসদীয় কমিটির সদস্য আবদুল মান্নান, বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সাঈদ উল হক চৌধুরী, কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাবেক পরিচালক শহীদুল ইসলাম ও উইন ইনকরপোরেটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা কাশফিয়া আহমেদ সেমিনারে বক্তব্য দেন।ঢাকার বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউটে আয়োজিত এ সেমিনারে মূল প্রবন্ধ পড়েন কৃষি তথ্য সার্ভিসের (এআইএস) পরিচালক মো. নজরুল ইসলাম। নজরুল ইসলাম ই-কৃষিকে এগিয়ে নিতে নানা ধরনের উদ্যোগের কথা, এর প্রয়োজনীয় বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। বক্তারা ই-কৃষির প্রয়োজনীয়তার বিভিন্ন দিকের কথা তুলে ধরেন। কৃষিবিষয়ক গবেষণার ওপর জোর দেওয়ার পাশাপাশি গবেষণার ফলাফল নিয়ে একটি ওয়েবসাইট তৈরি এবং বাংলায় ই-কৃষির সুবিধা সহজে সবার কাছে পৌঁছানোর কথা বলা হয় এই সেমিনারে।কম্পিউটার, ইন্টারনেট, মোবাইল ফোন—তথ্যপ্রযুক্তির নানারকম ব্যবহারে কৃষকের কাছে সঠিক সময়ে সঠিক তথ্য পৌঁছানো সম্ভব।আধুনিক কৃষি পদ্ধতির প্রয়োগ করাও সম্ভব বলেবক্তারা মনে করেন।কৃষির জন্য আরও বেশিওয়েবসাইট প্রকাশ করার কথাও বলেন তাঁরা।—নুরুন্নবী চৌধুরী