প্রযুক্তি হচ্ছে জ্ঞানের সমষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রশ্নোত্তর  অংশ-২
প্রিয় শিক্ষার্থীরা, আজ ব্যবসায় পরিচিতি থেকে জ্ঞান ও অনুধাবনমূলক প্রশ্নোত্তর দেওয়া হলো।
অধ্যায়-২
প্রশ্ন: রাজনৈতিক পরিবেশ কাকে বলে?
উত্তর: কোনো দেশের সরকার, আইন ও রাজনৈতিক অবস্থার সমন্বয়ে সৃষ্টি হয় রাজনৈতিক পরিবেশ।
প্রশ্ন: পৃথিবীর জনসংখ্যার পর্যায়গুলো কী কী?
উত্তর: পৃথিবীর জনসংখ্যাকে জাতিভেদে বিভিন্ন পর্যায়ে ভাগ করা যায়। পর্যায়গুলো হলো—
১. শ্বেতকায় জাতি, ২. পীতকায় জাতি এবং ৩. কৃষ্ণকায় জাতি।
প্রশ্ন: প্রযুক্তি বলতে কী বোঝ?
উত্তর: প্রযুক্তি হচ্ছে জ্ঞানের সমষ্টি, যার মাধ্যমে আমরা সহজে কাজ সম্পাদন করতে পারি। উচ্চারণ, টেকনিক, সমন্বিত জ্ঞান সবই প্রযুক্তির মধ্যে পড়ে। এটি ব্যবসায়ের উৎপাদন, বণ্টন, ক্রয়-বিক্রয়ের ওপর প্রভাব বিস্তার করে।
অনুধাবনমূলক প্রশ্ন:
প্রশ্ন: পৃথিবীর বিভিন্ন অঞ্চলের ব্যবসা-বাণিজ্যের তারতম্যের কারণ কী?
উত্তর: জলবায়ুর কারণে বিভিন্ন অঞ্চলের ব্যবসা-বাণিজ্য বিভিন্ন রকম হয়ে থাকে। কোনো অঞ্চলের মানুষের আচার-আচরণ, কাজের আগ্রহ এবং শিল্প-বাণিজ্যের কেন্দ্রীয়করণ, ধরন ও উন্নয়ন ওই অঞ্চলের জলবায়ুর দ্বারা প্রভাবিত হয়। জলবায়ুর বিভিন্নতার কারণে জনগণের অর্থনৈতিক কর্মকাণ্ড ও উপজীবিকার মধ্যেও তারতম্য ঘটে। ফলে ব্যবসা-বাণিজ্যের ধরন, কেন্দ্রীয়করণ ও উন্নয়ন বিভিন্ন রকম হয়। যেমন: বাংলাদেশের জলবায়ু কৃষিকাজের জন্য উপযোগী বলে এ দেশে কৃষিভিত্তিক ব্যবসা-বাণিজ্যের আধিক্য দেখা যায়।
প্রশ্ন: অপ্রাকৃতিক পরিবেশের একটি উপাদান ব্যাখ্যা করো।
উত্তর: অপ্রাকৃতিক পরিবেশের একটি মূল্যবান উপকরণ হলো জনসংখ্যা। কোনো দেশের ব্যবসা-বাণিজ্য ও অর্থনৈতিক কর্মকাণ্ড তার জনসংখ্যার ওপর নির্ভরশীল। জনগোষ্ঠী উৎপাদন থেকে শুরু করে বণ্টন পর্যন্ত যাবতীয় কার্যাবলি সম্পাদন করে থাকে। সমাজে মানুষের একদিকে যেমন উৎপাদনের অন্যতম উপাদান শ্রম ও উদ্যোক্তার উৎস, তেমনি উৎপাদিত পণ্য বা সেবা ব্যবহারকারী ও ভোক্তা। জনশক্তিকে বাদ দিয়ে কোনো ব্যবসায়িক বা অর্থনৈতিক কর্মকাণ্ড চলতে পারে না। তাই মানুষ একটি সম্পদও বটে।
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল

শিক্ষক, বীরশ্রেষ্ঠ মুন্সী আব্দুর রউফ পাবলিক কলেজ, ঢাকা