কম্পিউটার প্রযুক্তিতে বাংলা ভাষার প্রয়োগ নিয়ে কাজ করেন এমন প্রোগ্রামার, গবেষক, নির্মাতাসহ সংশ্লিষ্ট ব্যক্তিদের অংশগ্রহণে গতকাল সোমবার ঢাকার ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে হয়ে গেল এক কারিগরি সেমিনার। তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার সম্প্রসারণে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও তথ্যপ্রযুক্তি খাতের গবেষক ও নেতাদের মধ্যে সহযোগিতা বাড়াতে সেমিনারের আয়োজন করা হয়।
বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের (বিসিসি) উদ্যোগে ‘কানেক্ট বাংলা’ নামের এই আয়োজনে সহযোগিতা করেছে ইউআইইউ, গুগল ডেভেলপার গ্রুপ (জিডিজি) ঢাকা ও ইউআইইউ কম্পিউটার ক্লাব। গতকাল সোমবার ইউআইইউ মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারের উদ্বোধন করেন শিক্ষাসচিব নজরুল ইসলাম খান। এ সময় তিনি বলেন, ‘তথ্যপ্রযুক্তিতে বাংলা ভাষার ব্যবহার যত বৃদ্ধি পাবে ততই ভালো। এ ক্ষেত্রে এ ধরনের যৌথ আয়োজন খুবই গুরুত্বপূর্ণ, যেখানে বাংলা ভাষার কারিগরি বিষয়সংশ্লিষ্ট অনেকেই একসঙ্গে থাকেন।’
সেমিনারে বক্তব্য দেন ইউআইইউর উপ-উপাচার্য চৌধুরী মোফিজুর রহমান, বিসিসির পরিচালক মো. এনামুল কবির, গুগলের কান্ট্রি ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট খান মো. আনোয়ারুস সালামসহ অনেকে। সেমিনারে মূল প্রবন্ধ পড়েন গুগল ট্রান্সলেট দলের সদস্য কিথ স্টিভেন। গুগল ট্রান্সলেটরের বিভিন্ন কারিগরি দিকের বিস্তারিত তুলে ধরে তিনি বলেন, ‘গুগল ট্রান্সলেটর নিয়ে কাজ করতে যাঁরা আগ্রহী, তাঁদের জন্য কমিউনিটি পোর্টাল (https://translate.google.com/community) চালু করেছে। এর সাহায্যে যে কেউ ট্রান্সলেটরের মানোন্নয়নে অবদান রাখতে পারবেন।’
আয়োজনের শেষে বাংলা অপটিক্যাল কারেক্টার রিকগনিশন (ওসিআর) নিয়ে বিশেষ উপস্থাপনা দেন ইউআইইউর কম্পিউটার বিজ্ঞান ও প্রকৌশল (সিএসই) বিভাগের প্রধান হাসান সারওয়ার। এ প্রকল্পটি গত বছর অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) কর্মসূচির উদ্ভাবনী তহবিল পেয়েছিল। অনুষ্ঠানে হাসান সারওয়ার এ প্রকল্পের বর্তমান অবস্থা তুলে ধরেন এবং ওসিআরের একটি পরীক্ষামূলক প্রদর্শন দেখান। এ সময় তিনি বলেন, ‘এখন পর্যন্ত যে অবস্থায় এসেছে, এটিকে আরও এগিয়ে নিতে আরও আর্থিক সহযোগিতা ও গবেষণা দল প্রয়োজন।’
এ ধরনের আয়োজন বিষয়ে অনুষ্ঠানে বক্তারা বলেন, একসঙ্গে বাংলা ভাষা নিয়ে কারিগরি কাজ করেন এমন ডেভেলপার, গবেষক এবং এর সঙ্গে সংশ্লিষ্ট ব্যক্তিরা যৌথভাবে কাজে যুক্ত হতে পারলেই বাংলা ভাষার কারিগরি কাজগুলো এগিয়ে যাবে।
বাংলা ভাষা-সংশ্লিষ্ট কারিগরি ও অন্যান্য বিষয় নিয়ে প্রবন্ধ উপস্থাপন ও আলোচনা করেন গণবিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের প্রধান অধ্যাপক মনসূর মুসা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব মডার্ন ল্যাংগুয়েজ বিভাগের অধ্যাপক শিশির ভট্টাচার্য, সূর্যমুখী লিমিটেডের প্রধান নির্বাহী কর্মকর্তা ফিদা হক, ইউআইইউর সিএসই বিভাগের অধ্যাপক মোহাম্মদ নূরুল হুদা, তথ্যপ্রযুক্তি পরামর্শক জোয়াদ কাজী এবং শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক মোহাম্মদ রেজা সেলিম।
অনুষ্ঠান শেষে বাংলা ভাষাবিষয়ক গবেষণাপত্র, প্রকল্প ও পণ্যের প্রদর্শনীর ব্যবস্থাও করা হয়। অনুষ্ঠানে বাংলা ভাষার গবেষক, তথ্যপ্রযুক্তি খাতের প্রতিনিধি, শিক্ষক, শিক্ষার্থীসহ অনেকেই অংশ নেন।