ব্যাংকিং ও তথ্যপ্রযুক্তি শীর্ষক সেমিনারে বক্তারা
প্রযুক্তিনির্ভর ব্যাংকিং সেবা বিস্তৃত করতে হবে
আধুনিক ব্যাংক ও আর্থিক সেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর সেবা ও সুযোগ গ্রাহক পর্যায়ে ছড়িয়ে দিতে তথ্য ও যোগাযোগ প্রযুক্তির (আইসিটি) বিকল্প নেই। বাংলাদেশের মতো কৃষিপ্রধান দেশে ব্যাংকিং সেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে ব্যাংকগুলোকে উন্নত তথ্যপ্রযুক্তির মাধ্যমে গ্রাহকসেবার পরিধি বাড়াতে হবে। এ ছাড়া তথ্যপ্রযুক্তিনির্ভর ব্যাংকিংয়ের নানান অংশ—যেমন ইন্টারনেট ব্যাংকিং, মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকদের তথ্য ও আর্থিক নিরাপত্তা সেবাও সর্বোচ্চ গুরুত্বের সঙ্গে বিবেচনায় আনতে হবে। গতকাল শনিবার ঢাকায় বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম) মিলনায়তনে অনুষ্ঠিত ‘একুশ শতকের ব্যাংকিংয়ে তথ্যপ্রযুক্তি’ শীর্ষক সেমিনারে বক্তারা এসব কথা বলেন। প্রধান কারিগরি কর্মকর্তাদের (সিটিও) সংগঠন সিটিও ফোরাম বাংলাদেশ ও বিআইবিএম এ সেমিনারের আয়োজন করে। সেমিনারের প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির মাধ্যমে ব্যাংকিং সেবা জনগণের নাগালে নিয়ে আসতে বাংলাদেশ ব্যাংক আগের চেয়ে এখন বেশ পরিকল্পিতভাবে কাজ করছে। দেশের ব্যাংকগুলোর অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিং সেবা বিস্তৃত করার জন্য সার্বিক দিকনির্দেশনা ও সময় উপযোগী নীতিমালা তৈরি করেছে বাংলাদেশ ব্যাংক।’ সেমিনারে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর নাজনীন সুলতানা বলেন, ‘আধুনিক ব্যাংকিং সেবা মানেই তথ্যপ্রযুক্তিনির্ভর সেবা। ব্যাংকগুলোকে সাধারণ মানুষের কাছে পৌঁছায়, এমন প্রযুক্তিবান্ধব ব্যাংকিং সেবা ও সুযোগ প্রতিষ্ঠায় গুরুত্ব দিতে হবে।’ সেমিনারে বক্তৃতা করেন অ্যাসোসিয়েশন অব ব্যাংকার্স বাংলাদেশের চেয়ারম্যান মোহাম্মদ নুরুল আমিন, সিটিও ফোরামের সভাপতি তপন কান্তি সরকার, বিআইবিএমের নির্বাহী পরিচালক তৌফিক আহমেদ চৌধুরী, সুপারনিউমারি অধ্যাপক বন্দনা সাহাসহ অনেকে। সেমিনারে ব্যাংকিং খাতের দক্ষতার বিষয়ে সিসকো সিস্টেমসের প্রযুক্তিবিশেষজ্ঞরা আলোচনা করেন। এ ছাড়া প্যানেল আলোচনায় অনলাইন ব্যাংকিং ও মোবাইল ব্যাংকিংয়ে গ্রাহকদের তথ্যনিরাপত্তা, বিভিন্ন ব্যাংকের অনলাইন নিরাপত্তা ও সেবার নানা দিক সম্পর্কে আলোচনা করা হয়। —জাহিদ হোসাইন খান