প্রযুক্তিপণ্য ব্যবহারে ৭ স্বাস্থ্য সমস্যা
স্মার্টফোন, ট্যাবলেট, আলট্রাবুক, ডিজিটাল ক্যামেরার মতো আধুনিক প্রযুক্তিপণ্যের ব্যবহার বর্তমান প্রজন্মকে যেমন এনে দিয়েছে স্বাচ্ছন্দ্য আর সুবিধা, তেমনি দৈনন্দিন জীবন ও স্বাস্থ্যের ওপরে তা ক্ষতিকর প্রভাবও ফেলছে। আধুনিক প্রযুক্তিপণ্যগুলোর মাত্রাতিরিক্ত ব্যবহারের কারণে বাড়ছে স্বাস্থ্যঝুঁকি। স্বাস্থ্য বিশেষজ্ঞদের মতে, প্রযুক্তিপণ্যের ব্যবহারের কারণে সৃষ্ট স্বাস্থ্যঝুঁকির মধ্যে রয়েছে ‘টেক্সটার্স নেক’, ‘ব্যাক পেইন’, ‘টেক্সটার্স থাম্ব’, ‘ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন’, ‘ফ্যানটম ভাইব্রেশন সিনড্রোম’ ‘ঘুমের সমস্যা’ ও ‘ক্ষীণদৃষ্টি’।টেক্সটার্স নেক:মুঠোফোন, ল্যাপটপ ও ট্যাবলেটের মাত্রাতিরিক্ত ব্যবহারের ফলে টেক্সটার্স নেক সিনড্রোম দেখা দিতে পারে। যারা মুঠোফোন ব্যবহার করে অতিরিক্ত বার্তা পাঠান বা ল্যাপটপের সামনে দীর্ঘসময় কাটান তাদের ক্ষেত্রে ঘাড়ে ব্যথার মতো উপসর্গ দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা হলে রক্তপ্রবাহের সমস্যা দেখা দিতে পারে। তরুণদের ক্ষেত্রে এ ধরনের সমস্যা দেখা দেয় বেশি।ব্যাক পেইন:যারা ল্যাপটপের সামনের দিকে ঝুঁকে বসে দীর্ঘসময় কাটান তাদের ক্ষেত্রে ব্যাক পেইন বা মেরুদণ্ডের ব্যথা সৃষ্টি হতে পারে। ল্যাপটপের সামনে সঠিক নিয়মে না বসলে টানা অনেক সময় কাটালে তা মেরুদণ্ড ও পিঠের মাংসপেশি ও কাঁধে ব্যথার সৃষ্টি করে। গবেষকদের মতে, ল্যাপটপের সামনে ঠিক নিয়মে না বসলে ৮০ শতাংশ ব্যবহারকারীর ক্ষেত্রে স্নায়ুর ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে। ল্যাপটপ ব্যবহার করার সময় চেয়ারে ঠাঁই বসে থাকলেও মেরুদণ্ড বাঁকা হয়ে যেতে পারে বলেই গবেষকদের আশঙ্কা।টেক্সটার্স থাম্ব:যারা মুঠোফোনে মাত্রাতিরিক্ত বার্তা পাঠান তাঁদের ক্ষেত্রে টেক্সটার্স থাম্ব হওয়ার ঝুঁকি বেশি। এ ধরনের সমস্যা হলে প্রথমে হাত ব্যথা হয় এবং একসময় হাত অসাড় হয়ে যাওয়ার ঝুঁকি থাকে। বিশেষজ্ঞদের মতে, টেক্সটার্স থাম্ব হাতের শক্তি কমিয়ে দেয়, যার ফলে কোনো বস্তু ধরার সময় বা তুলতে গেলে হাতে শক্তি পাওয়া যায় না।ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন:প্রতিটি বৈদ্যুতিক শক্তিচালিত পণ্যে ব্যবহারের ক্ষেত্রেই ইলেকট্রোম্যাগনেটিক রেডিয়েশন বা ইএমআর এখন স্বাস্থ্যঝুঁকির বিষয়। মুঠোফোন এবং মুঠোফোনের টাওয়ার থেকে নির্গত রেডিয়েশন বা বিকিরণ মস্তিষ্কের ক্যানসার, লিউকেমিয়া এবং জিনগত ক্ষতির কারণ হতে পারে বলেই বিশেষজ্ঞদের মত।ফ্যানটম ভাইব্রেশন সিনড্রোম:এ সমস্যা মূলত উদ্বিগ্নতা বা বিষণ্নতা থেকে ঘটতে পারে। এ ধরনের সমস্যা হলে ব্যবহারকারী ফোনের রিং না বাজলে কিংবা ভাইব্রেশন না হলেও হঠাত্ করেই তা শুনতে পান বা অনুভব করেন। অতিরিক্ত মুঠোফোন ব্যবহারের কারণে এ সমস্যা দেখা দিতে পারে। এ ধরনের সমস্যা ভুগতে শুরু করলে তা টেরও পান না অনেক ব্যবহারকারী। ঘুমের ব্যাঘাত:স্মার্টফোন, ট্যাবলেট, ল্যাপটপ, ডেস্কটপের অতিরিক্ত ব্যবহার ও অতিরিক্ত টেলিভিশন দেখার ফলে সবচে বেশি দেখা দেয় ঘুমের সমস্যা বা নিদ্রাহীনতা। যারা ঘুমাতে যাওয়ার আগে এ ধরনের প্রযুক্তি-পণ্য অতিমাত্রায় ব্যবহার করেন তাদের শরীরে মেলাটোনিনের ঘাটতি দেখা দিতে পারে; যার কারণ প্রযুক্তিপণ্য থেকে নির্গত উজ্জ্বল আলো। এক পর্যায়ে ঘুমের মারাত্মক সমস্যা দেখা দেয় এবং স্লিপ ডিজঅর্ডারের ঝুঁকি তৈরি হয়।ক্ষীণদৃষ্টি:আধুনিক প্রযুক্তিপণ্যের অতিরিক্ত ব্যবহারের কারণে ক্ষীণদৃষ্টি সমস্যা সৃষ্টি হতে পারে। এলসিডি স্ক্রিনের প্রতিফলন ঠেকাতে অনেকেই স্ক্রিনের সঙ্গে চোখের দূরত্বের বিষয়টি মাথায় রাখেন না। ফলে এক পর্যায়ে চোখের সমস্যায় ভুগতে শুরু করেন তাঁরা।