প্রযুক্তিপণ্যে মূসক কমানোর আবেদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মেলা উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান (মাঝে) l সংগৃহীত
মেলা উদ্বোধন করেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান (মাঝে) l সংগৃহীত

বিকেল বেলায় ঢোলের বাজনা বাজিয়ে অতিথিদের বরণ। এরপর বক্তৃতা পর্ব চলে অতিথিদের। তা শেষ হয় সন্ধ্যা নাগাদ। তারপর আবার বেজে ওঠে ঢোলের বাজনা। এ সময় অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী মোহাম্মদ আবদুল মান্নান ফিতা কেটে উদ্বোধন করেন মেলার। এই দৃশ্য রাজধানীর আগারগাঁওয়ের বিসিএস কম্পিউটার সিটির ‘সিটিআইটি ২০১৭ কম্পিউটার মেলা’র উদ্বোধনী অনুষ্ঠানের। গতকাল বৃহস্পতিবার শুরু হয়েছে দেশের সবচেয়ে বড় কম্পিউটার বাজার বিসিএস কম্পিউটার সিটির বার্ষিক এই মেলা।
অনুষ্ঠানে প্রধান অতিথি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, ‘আমরা এখন ডিজিটাল বাংলাদেশ যুগের শুরুর পর্যায়ে বাস করছি। আমাদের তরুণ প্রজন্মকে উৎসাহিত করছি। তারা যেন এই সোনার বাংলাদেশকে বিশ্বের কাছে তুলে ধরে।’
এর আগে অনুষ্ঠানের অন্য বক্তারা নতুন আইনে প্রযুক্তিপণ্যের ওপর জাতীয় রাজস্ব বোর্ড যে পরিমাণ মূল্য সংযোজন কর (মূসক) যুক্ত করতে চাইছে, তা আরোপ না করার আহ্বান জানান। এ ব্যাপারে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রীর কাছে সহায়তা চান তাঁরা।
অনুষ্ঠানে বেসিসের সভাপতি মোস্তাফা জব্বার বলেন, প্রতিবারই চমৎকারভাবে আয়োজিত হয় সিটিআইটি কম্পিউটার মেলা। এবারও এর কমতি নেই। অনুষ্ঠানে আরও বক্তৃতা করেন বাংলাদেশ কম্পিউটার সমিতির মহাসচিব সুব্রত সরকার, বিসিএস কম্পিউটার সিটির ব্যবস্থাপনা কমিটির ভারপ্রাপ্ত সভাপতি রফিকুল ইসলাম ও স্মার্ট টেকনোলজির ব্যবস্থাপনা পরিচালক জহিরুল ইসলাম। মেলার সমন্বয়ক মুসা কামাল বলেন, ‘এই মেলার আয়োজন প্রযুক্তিপ্রেমীদের জন্য।’
কম্পিউটার সিটির স্থায়ী বিক্রেতা প্রতিষ্ঠানগুলো নতুন প্রযুক্তির পণ্য এনেছে মেলায়। প্রতিটি পণ্যেই কমবেশি ছাড় ও উপহার থাকছে ক্রেতাদের জন্য। মেলায় রয়েছে ত্রিমাত্রিক (থ্রিডি) প্রদর্শনী, লাল-সবুজ রঙের আলোর প্রদর্শনী, ফটো বুথ, গেমিং জোন। আজ শুক্রবার সকালে চিত্রাঙ্কন প্রতিযোগিতার আয়োজন থাকছে মেলায়।
মেলার প্রবেশ টিকিটের দাম ২০ টাকা। তবে শিক্ষার্থীরা বিনা মূল্যে মেলা দেখতে পারবেন। ১৩ এপ্রিল পর্যন্ত মেলা চলবে প্রতিদিন ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত। মেলা আয়োজনে সহযোগিতা করছে আসুস, এসার, ডেল, এইচপি, লেনোভো ও র্যাপু।
নিজস্ব প্রতিবেদক