প্রযুক্তিবান্ধব বাজেট প্রণয়নের আহবান বেসিসের
ডিজিটাল বাংলাদেশের চিন্তাচেতনাকে সামনে রেখে প্রযুক্তিবান্ধব বাজেট প্রণয়নের দাবি জানিয়েছে কম্পিউটার সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস)।২০১১-১২ অর্থবছরের জাতীয় বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের জন্য কিছু প্রস্তাব রয়েছে সংগঠনটির। বেসিসের মহাসচিব ফোরকান বিন কাসেম প্রথম আলোকে বলেন, ‘আমাদের দেশের তথ্যপ্রযুক্তি অনেক প্রতিকূলতা পেরিয়ে দিন দিন উন্নতি করছে। এর ফলে দেশে অনেক বিদেশি প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান বিনিয়োগ করছে এবং আরও অনেক প্রতিষ্ঠান বিনিয়োগ করার আগ্রহ প্রকাশ করেছে। প্রযুক্তির বাজারের জন্য এটি একটি ইতিবাচক দিক।’বাংলাদেশে সব ধরনের সফটওয়্যার শুল্কমুক্তভাবে আমদানি ও রপ্তানির ওপর থেকে আয়কর মওকুফের সময়সীমা আগামী জুন মাসের পর শেষ হবে। এ ক্ষেত্রে বেসিসের দাবি হলো, এই শিল্পের বিকাশে দেশি ও বিদেশি বিনিয়োগকারীদের উৎসাহিত করতে সফটওয়্যার ও প্রযুক্তি খাতের আয়কর মওকুফ-সুবিধা আরও সাত বছরের জন্য বাড়ানো হোক। সরকারের জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নীতিমালার ষষ্ঠ তফসিলে বর্ণিত আইটিইএসের (আইটি এনাবলড সার্ভিসেস) বর্তমান সংজ্ঞা বা ব্যাখ্যা পরিবর্ধন করা প্রয়োজন বলে মনে করে বেসিস। এটির ব্যাখ্যা সঠিকভাবে না থাকার কারণে বিভিন্ন সফটওয়্যার বা প্রযুক্তিপণ্যকে অন্য পণ্যের আওতায় ধরা হচ্ছে। এর ফলে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোকে একেক সময় একেক রকম আয়কর প্রদান করতে হচ্ছে। কিন্তু প্রযুক্তিপণ্যগুলো সঠিকভাবে চিহ্নিত করা হলে এগুলোর জন্য একটি নির্দিষ্ট আয়কর প্রদান করলেই চলবে। এতে ক্রেতা ও বিক্রেতা উভয়ই উপকৃত হবে বলেও মনে করে বেসিস।দেশের বাজারে প্রযুক্তিপণ্য আকারে কিছু সেবা ও পণ্য নতুন।কিন্তু সরকার এখনো এগুলোকে সেই তালিকায় অন্তর্ভুক্ত না করায় সমস্যা তৈরি হচ্ছে। এ জন্য গ্রাফিক্স ডিজাইন সার্ভিস, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন (এসইও), আইটি প্রশিক্ষণ, পোর্টাল সার্ভিস, ই-কমার্স, অনলাইন বিপণনসহ আরও বেশ কিছু বিষয়কে প্রযুক্তিপণ্য ও সেবার তালিকায় আনতে সরকারের দৃষ্টি আকর্ষণ করেছে বেসিস। সার্ভিস কোড না থাকায় বর্তমানে প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলো ভ্যাট নিবন্ধন এবং এ-সম্পর্কিত তাদের বাণিজ্যিক দলিলাদি সঠিকভাবে সংরক্ষণ করতে পারছে না। তাই সফটওয়্যার ও প্রযুক্তিপণ্যের জন্য একটি নতুন সার্ভিস কোড ঘোষণা করার দাবিও জানিয়েছে বেসিস। —মোছাব্বের হোসেন