প্রযুক্তিবিদ্যাকে ছাপিয়ে জীববিদ্যা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

উদ্ভাবন বিশ্বে প্রযুক্তিবিদ্যাকে ছাড়িয়ে যাচ্ছে জীববিদ্যার বিভিন্ন শাখা। শিল্পক্ষেত্রে প্রয়োগের কথা বিবেচনা করলেও জীববিদ্যার উদ্ভাবনগুলো এগিয়ে রয়েছে। বিশ্বব্যাপী বিভিন্ন পণ্যের কৃতিস্বত্ব নিবন্ধন বা পেটেন্ট যাচাইয়ের ভিত্তিতে থমসন রয়টার্সের এক বিশ্লেষণে এ কথা বলা হয়েছে।
বৈচিত্র্যের বিবেচনায় ২০১৪ সাল ছিল তুলনামূলক বেশি উদ্ভাবনের বছর। এসব উদ্ভাবনের মধ্যে ছিল চালকবিহীন মোটরগাড়ির নকশা, ক্যানসারের নতুন ওষুধ অথবা মানবদেহের জন্য কৃত্রিম বা বায়োনিক অঙ্গপ্রত্যঙ্গ তৈরি ইত্যাদি। তবে মোট উদ্ভাবনের হার ছিল কম। কারণ, গত বছর পেটেন্ট করা উদ্ভাবন বৃদ্ধির হার ছিল ৩ শতাংশ, যা ২০০৯ সালের পর সর্বনিম্ন। ওই বছর পশ্চিমা বিশ্বে অর্থনৈতিক মন্দার প্রভাবে উদ্ভাবনের হার কমে গিয়েছিল।
তারপরও গত বছর সব মিলিয়ে ২১ লাখ উদ্ভাবনের পেটেন্ট করানো হয়েছে। তাই বলা যায়, বিশ্বে নতুন নতুন ধারণার কমতি নেই। ওষুধপত্র ও জৈবপ্রযুক্তি-বিষয়ক পেটেন্ট ২০১৪ সালে উল্লেখযোগ্য হারে বেড়েছে। গতকাল মঙ্গলবার প্রকাশিত স্টেট অব ইনোভেশন রিপোর্ট অনুযায়ী, এ দুটি ক্ষেত্রে উদ্ভাবন বেড়েছে যথাক্রমে ১২ ও ৭ শতাংশ হারে। আর খাবার, পানীয় ও তামাকশিল্পে উদ্ভাবন বেড়েছে ২১ শতাংশ; প্রসাধন ও সুস্থতা-সহায়ক সামগ্রীর ক্ষেত্রে বেড়েছে ৮ শতাংশ। পেটেন্ট করার প্রতিযোগিতায় পশ্চিমা বিশ্বের দেশগুলোর সঙ্গে পাল্লা দিয়ে লড়ছে এশীয় দেশগুলো।
যুক্তরাষ্ট্রে পেটেন্ট আইন আগের চেয়ে কঠোর করা হয়েছে। এটি দেশটিতে নথিবদ্ধ উদ্ভাবনের হার কমে যাওয়ার কারণ হতে পারে। সেখানে ১২টি শিল্পে নতুন পেটেন্টের হার ১২ শতাংশ কমে এসেছে। আবার অর্ধপরিবাহী বা সেমিকন্ডাক্টরের পেটেন্ট করার হার ২০১৪ সালে ৫ শতাংশ কমেছে।
সূত্র: রয়টার্স।