প্রযুক্তির আন্দোলন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিভিন্ন বিভাগের শিক্ষার্থী ওরা কজনা। বেলাল হোসেন, রাকিব হোসেন, সানজিদা পারভীন, সানজানা আহমেদ, মোহাম্মদ ইব্রাহীম, সিফাতুল ইসলাম, তাওহীদা ইসলাম। কেউ পদার্থবিজ্ঞান, জীববিজ্ঞান বিষয়ে পড়ছেন আবার কেউবা গ্রাফিক ডিজাইন নিয়ে চারুকলা কিংবা ইংরেজি, আইনের মতো বিষয়ে পড়ছেন। কিন্তু সবাই শিক্ষাজীবনে ক্যাম্পাসে প্রযুক্তির সঙ্গেই যুক্ত। প্রযুক্তিনির্ভর শিক্ষা ও পড়াশোনার ব্যবহার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিতেই কাজ করছে ঢাকা বিশ্ববিদ্যালয় তথ্যপ্রযুক্তি সংসদ।

গ্রামের মেধাবীরা ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে এসে প্রযুক্তিগত জানাশোনা না থাকার কারণে অনেকে বেশ পিছিয়েও পড়েন। তাঁদের প্রযুক্তির সংস্পর্শে আনতেই কাজ করে চলেছে ঢাকা বিশ্ববিদ্যালয় আইটি সোসাইটি (ডিইউআইটিএস)।

সংসদের প্রতিষ্ঠাতা সভাপতি আবদুল্লাহ আল ইমরান বলেন, পড়াশোনা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরাই বাংলাদেশের বিভিন্ন প্রান্তে ছড়িয়ে পড়েন। বাংলাদেশের সবকিছুতেই এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের অংশগ্রহণ অনবদ্য। তরুণ প্রজন্মের শিক্ষার্থীদের প্রযুক্তির সংস্পর্শে আনতেই আমাদের এই সংগঠন। শিক্ষার্থীদের তথ্যপ্রযুক্তি জ্ঞান বৃদ্ধি ও তথ্যপ্রযুক্তিবান্ধব ক্যাম্পাস গঠনে এক বছর ধরে কর্মশালা, বিষয়ভিত্তিক ই-আড্ডা, সেমিনার, প্রযুক্তি উৎসব, আন্তহল কুইজ ও অনলাইন আইডিয়া প্রতিযোগসহ শিক্ষার্থীদের সচেতনতামূলক বিভিন্ন উদ্যোগ নিয়েছে।

ইতিমধ্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের প্রযুক্তিজ্ঞান বৃদ্ধিতে সংগঠনটি নানা উদ্যোগ নিয়েছে। তাঁরা শিক্ষার্থীদের মাঝে ‘সাইবার ক্রাইম’ বিষয়ে সচেতনতা তৈরির জন্য কর্মশালার আয়োজন করেছে। ডিইউআইটিএস গত বছর আয়োজন করে প্রথম জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব। উৎসবে সারা দেশের ২৫টি বিশ্ববিদ্যালয় থেকে বিভিন্ন ক্যাটাগরিতে প্রায় ৫০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন। সংগঠনের সাধারণ সম্পাদক আরিফ দেওয়ান বলেন, ‘ঢাকা বিশ্ববিদ্যলয়ের অধিকাংশ মেধাবী শিক্ষার্থীই প্রত্যন্ত অঞ্চল থেকে উঠে আসেন। তাঁদের অনেকের তথ্যপ্রযুক্তি সম্পর্কে ধারণা থাকে না। তাই প্রতিবছর প্রথম বর্ষের দুই হাজার শিক্ষর্থীকে বিনা মূল্যে কম্পিউটার প্রশিক্ষণের উদ্যোগ নিয়েছি আমরা।’

ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সানজিদা পারভীন জানান, এখন পড়াশোনার সঙ্গে তথ্যপ্রযুক্তি অঙ্গাঙ্গিভাবে জড়িত। প্রযুক্তিনির্ভর পড়াশোনার বিভিন্ন উপায় জানতেই সদস্য হই এই সংগঠনের। সানজিদার সঙ্গে সায় দেন তাঁর বন্ধু সিফাতুল ও তাওহীদা।

ডিইউআইটিএস আগামী জুনের প্রথম সপ্তাহে ‘২য় ডিইউআইটিএস জাতীয় ক্যাম্পাস প্রযুক্তি উৎসব’ আয়োজন করতে যাচ্ছে, যাতে অংশ নেবে দেশের অর্ধশতাধিক বিশ্ববিদ্যালয়। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি বিভাগের ফলাফল প্রকাশের পর তা অনলাইনে প্রকাশ ও স্টুডেন্ট প্রোফাইল তৈরি করার পরিকল্পনা রয়েছে সংগঠনটির।

সংগঠনের সদস্যসংখ্যা ৬৫০ জন। প্রতিবছর প্রথম বর্ষের শিক্ষার্থীদের মাঝে সদস্য হওয়ার ফরম ছাড়ার পর বাছাই করে সদস্য নির্বাচন করা হয়।