প্রযুক্তির নিষিদ্ধ ‘স্পর্শ’!
‘প্রাণ ভরে দেখতে পারেন, কিন্তু স্পর্শের অনুমতি নেই’—এ কথাটি জাদুঘরের ক্ষেত্রে মূল্যবান উপদেশ হতে পারে, কিন্তু কম্পিউটারের ক্ষেত্রে এ কথাটির কোনো মূল্য নেই। বর্তমানে স্মার্টফোন, ট্যাবলেট কম্পিউটার ব্যবহারের ফলে আমরা স্পর্শ বা টাচ-প্রযুক্তির যুগে চলে এসেছি। ব্ল্যাকবেরি বা আমাজন কিন্ডলের মতো হার্ডওয়্যার সর্বস্ব ডিভাইসও এখন স্পর্শ প্রযুক্তি-নির্ভর। বার্তা সংস্থা রয়টার্স এক প্রতিবেদনে জানিয়েছে, আমরা আশৈশব স্পর্শের মধ্যেই রয়েছি। প্রযুক্তি ক্ষেত্রে আমরা শিগগিরই টাচ বা স্পর্শ প্রজন্ম পার হয়ে যেতে সক্ষম হব। জন্মের পর থেকেই মানুষের মধ্যে স্পর্শের অনুভূতি জাগে। বড় হয়ে স্পর্শের সে অনুভূতিতে বাধ দেওয়ার চেষ্টা চলে। হাতের নাগালে থাকা ছোট ডিভাইসগুলো ছোটবেলা থেকেই যোগাযোগের পথ তৈরি করে দেয়। মোবাইল, কম্পিউটারের যুগে আমাদের চারপাশে কী ঘটছে তা আমরা এখন মানুষের হাতের নাগালে। আঙুলের স্পর্শেই এখন নিয়ন্ত্রিত হচ্ছে বিভিন্ন ডিভাইস।প্রতিবেদনটিতে বলা হয়েছে, স্পর্শ প্রযুক্তির বিষয়টি এখন আর কোনো প্রতিষ্ঠানের ব্যক্তিগত সম্পত্তি নয়। কারণ, বিষয়টি নিয়ে অনেকেই কাজ করে গেছেন। অনেক সফটওয়্যার পেটেন্ট করানো হয়েছে। তার পরও স্পর্শ প্রযুক্তিটিকে নিজের আয়ত্তে আনতে চেষ্টা করছে বড় বড় প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো।টাচ বা স্পর্শ প্রযুক্তির ক্ষেত্রে পেটেন্টর বিষয়টি এখন গুরুত্বপূর্ণ। কারণ পেটেন্ট না থাকায় এক প্রতিষ্ঠানের উদ্ভাবিত প্রযুক্তি অন্য প্রতিষ্ঠান ব্যবহার করছে। অবশ্য এর আরেকটি প্রভাবও দেখা যাচ্ছে। পেটেন্ট প্রতিরোধের চেয়ে পেটেন্ট ব্যবহার করে অন্য প্রতিষ্ঠানকে আটকানোর চেষ্টা করার বিষয়টিও বর্তমানে চোখে পড়েছে। ইয়াহু-ফেসবুকের মামলার বিষয়টি উদাহরণ হিসেবে বলা যায়। এদিকে এসব কারণেই মাইক্রোব্লগিং জায়ান্ট টুইটার আইফোনের জেশ্চার বা অঙ্গভঙ্গির প্রযুক্তি ‘ইউজার ইন্টারফেস মেকানিকস’ পেটেন্ট করিয়ে নেওয়ার কথা ভাবছে। অ্যাপলের সঙ্গে টুইটারের এ পেটেন্টের মামলার বিষয়টিও স্পর্শ প্রযুক্তির ক্ষেত্রে এক প্রতিষ্ঠান আরেক প্রতিষ্ঠানের জন্য ‘নিষিদ্ধ’ নীতির উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।কম্পিউটারের জন্য উল্লেখযোগ্য একটি উদ্ভাবন ছিল ‘মাউস’। ডগলাস এঙ্গেলবার্ট ১৯৭০ সালে এর পেটেন্ট করিয়ে নিয়েছিলেন। মাউসের ব্যবহার নিয়ে কোনো প্রতিষ্ঠানের মধ্যে ঝামেলা হয়নি। কিন্তু স্পর্শ পদ্ধতির এ যুগে পেটেন্ট অর্থই শক্তি। হাতে পেটেন্ট থাকলে অর্থাত্ কোনো প্রযুক্তির ওপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা গেলে শক্তিও তার পক্ষেই যায়। কোনো পদ্ধতির বিষয়ে কেউ নির্দিষ্ট কিছু তৈরি করলে তা কারো নিজস্ব পণ্য হিসেবে বিবেচিত হতে পারে কিন্তু সাধারণভাবে পুরো পদ্ধতিটি কারো একক অধিকারের বিষয় হতে পারে না। গুগলের সার্চ এলগরিদম নিঃসন্দেহে গুগলের নিজস্ব, কিন্তু সার্চ বিষয়টি নয়। এ ক্ষেত্রে উদাহরণ হতে পারে মাইক্রোসফটের প্রতিষ্ঠাতা বিল গেটস ও অ্যাপল প্রতিষ্ঠাতা স্টিভ জবসের একটি বাকযুদ্ধ। জবস গ্রাফিক্যাল ইউজার ইন্টারফেস উদ্ভাবন করেননি, কিন্তু তিনি বিল গেটসকে উইন্ডোজ নিয়ে কথার খোঁচা দিয়েছিলেন। বিল গেটস এর উত্তরে বলেছিলেন, ‘অ্যাপল ও মাইক্রোসফট দুজনই জেরক্সের বাড়িতে চুরি করতে ঢুকেছে। কিন্তু মাইক্রোসফট সেখানে ঢুকে দেখে অ্যাপল আগেই সেখানে উপস্থিত।’ প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কিছুদিন পরেই ‘চোখের ইশারা শনাক্ত করার প্রযুক্তি ও অ্যাপলের ‘সিরি’র মতো কণ্ঠস্বর প্রোগ্রাম ব্যবহূত হবে—যা টাচ প্রযুক্তিকে ছাড়িয়ে যাবে। তাই আইকন, ড্রাগ অ্যান্ড ড্রপ বিষয়গুলো ব্যক্তিগত প্রতিষ্ঠানের হোক আর যেখানেই থাকুক, শিগগিরই স্পর্শ যুগকেও অতিক্রম করে যাবেন গবেষকেরা।