বেশ কয়েক বছর ধরেই দেখা যাচ্ছে, বাংলা একাডেমির অমর একুশে গ্রন্থমেলায় অন্যান্য বিষয়ের পাশাপাশি তথ্যপ্রযুক্তির বই-ও প্রকাশিত হয়। এবারও এ ধারা অব্যাহত আছে। ঢাকার সোহরাওয়ার্দী উদ্যান ও বাংলা একাডেমিজুড়ে চলা এ বছরের বইমেলাতেও তথ্যপ্রযুক্তির বেশ কিছু বই প্রকাশিত হয়েছে। প্রশিক্ষণ ও পরামর্শমূলক বই-ই বেশি। মেলা ঘুরে দেখা গেল, এগুলোর চাহিদাও আছে বেশ।
তবে প্রযুক্তির বই ছাড়া বইমেলায় উল্লেখ করার মতো তেমন কোনো প্রযুক্তিসুবিধা বা প্রযুক্তির ব্যবহার নেই। বাংলা একাডেমির ওয়েবসাইটটিও (www.banglaacademy.org.bd) তথ্যসমৃদ্ধ নয়। অমর একুশে গ্রন্থমেলা ২০১৪-এ বাংলা একাডেমির নতুন বইয়ের তালিকা শুধু আছে। এতে ৬৫টি বইয়ের তথ্য রয়েছে। অন্যান্য প্রকাশকের কোনো বইয়ের তালিকা নেই। অথচ প্রতিদিনই নতুন বই প্রকাশিত হচ্ছে মেলায়। বাংলা একাডেমির মহাপরিচালক শামসুজ্জামান খান গতকাল বুধবার প্রথম আলোকে বলেন, আসলে মেলায় এত বেশিসংখ্যক বই মেলায় বের হয়, যা দ্রুত হালনাগাদ করা সম্ভব হচ্ছে না।
মেলার বাংলা একাডেমি অংশে অ্যাকসেস টু ইনফরমেশন (এটুআই) প্রকল্পের উদ্যোগে নজরুল মঞ্চের পাশে কম্পিউটার কিওস্ক বসানো হয়েছে। যেখানে চাইলে দর্শক বইমেলার তথ্য পেতে পারেন। নজরুল মঞ্চ এলাকায় তারহীন ওয়াই-ফাই নেটওয়ার্ক সুবিধাও দিচ্ছে এটুআই। বইমেলা নামে একটি মোবাইল অ্যাপ্লিকেশন এসেছে মেলা উপলক্ষে। এই অ্যাপ ব্যবহার করে নতুন বইয়ের তথ্য ও স্টলের অবস্থান জানা যাবে। বইমেলার সব বই ঘরে বসে কেনার সুবিধা দিচ্ছে ই-কমার্স প্রতিষ্ঠান রকমারি (www.rokomari.com)।
বইমেলায় তথ্যপ্রযুক্তির বইয়ের চাহিদা থাকে বেশ। জ্ঞানকোষ প্রকাশনীর স্বত্বাধিকারী শাহিদ হাসান জানান, তথ্যপ্রযুক্তির বইয়ের চাহিদা শুধু বইমেলা নয়, অন্যান্য সময়েও থাকে। সিসটেক পাবলিকেশনস শুধু তথ্যপ্রযুক্তির বই প্রকাশ করে। প্রতিষ্ঠানটির বিপণন ব্যবস্থাপক মুজিবুর রহমান বলেন, ‘সারা বছরেই আমরা তথ্যপ্রযুক্তির বই প্রকাশ করে থাকি।’ তাম্রলিপির প্রকাশক এ কে এম তারিকুল ইসলাম জানান, যত দিন যাচ্ছে, তথ্যপ্রযুক্তির ওপর তরুণ প্রজন্মের আগ্রহ ততই বাড়ছে।
বইমেলায় আসা তথ্যপ্রযুক্তির নতুন বই
সিসটেক পাবলিকেশনস: মাহবুবুর রহমানের ওয়ার্ড এক্সপি ও ২০০০-২০১০, তৈমুর খানের কোরেল ড্র, আবদুস সাত্তার ভূঁইয়ার নভোযানের নাম সি প্রোগ্রামিং, আনোয়ার হোসেন চৌধুরীর এসকিউএল সার্ভার ২০১২, অ্যান্ড্রয়েড অ্যাপস ও ড্রুপাল সিএমএস। তাম্রলিপি: জাবেদ মোর্শেদ চৌধুরীর ফেসবুক ও ইন্টারনেট নিরাপত্তা, নুরুন্নবী চৌধুরী হাছিবের কাজের যত মোবাইল অ্যাপস, পার্থ সারথি করের হতে চাইলে সফল ফ্রিল্যান্সার ও মো. আমিনুর রহমানের আউটসোর্সিং ২। জ্ঞানকোষ প্রকাশনী: মিজানুর রহমানের জাভাস্ক্রিপ্ট এবং ওয়েব ডিজাইন অ্যান্ড ডেভলপমেন্ট (১ম খণ্ড)। ভাষাচিত্র: নুরুন্নবী চৌধুরী হাছিব সম্পাদিত কম্পিউটার ব্যবহারের ৫৫৫ টিপস । —রাহিতুল ইসলাম