প্রযুক্তিশিল্প গড়ে উঠবে হাইটেক পার্কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাজীপুরের কালিয়াকৈরের হাইটেক পার্কে সম্ভাব্য স্বল্পতম সময়ে বিদেশি বিনিয়োগসহ প্রযুক্তিশিল্প গড়ে তুলতে সরকার বদ্ধপরিকর—এ কথা জানিয়েছেন বিজ্ঞান এবং তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী ইয়াফেস ওসমান। গতকাল রোববার সচিবালয়ে মালয়েশিয়ার মাল্টিমিডিয়া সুপার করিডর (এমএসসি) টেকনোলজি সেন্টারের এক প্রতিনিধিদলের সঙ্গে আলোচনার পর প্রতিমন্ত্রী এ কথা জানান। মালয়েশিয়া প্রতিনিধিদল কালিয়াকৈরে হাইটেক পার্ক গড়ে তোলার বিষয়ে সহায়তা দেওয়ার আশ্বাস দেন।বিজ্ঞান ও আইসিটি মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত সভায় মালয়েশিয়া প্রতিনিধিদলের দলনেতা এমএসসি টেকনোলজি সেন্টারের প্রধান নির্বাহী কর্মকর্তা সুহামি মোহাম্মদ জানান, ১০ বছরে কালিয়াকৈরে ২০ হাজার নতুন কর্মসংস্থান ও শতকোটি টাকার বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করা সম্ভব। তিনি জানান, বাংলাদেশ সরকারের ডিজিটাল বাংলাদেশ কর্মসূচি দেশের বাইরেও বাংলাদেশের প্রতি বিনিয়োগ সম্ভাবনা বাড়িয়ে তুলেছে। শক্তিশালী একটি আইটি শিল্প খাত গড়ে তোলার এখনই সময় বলে মন্তব্য করেন তিনি।গত এক বছরে কালিয়াকৈর হাইটেক পার্কে মৌলিক অবকাঠামো গড়ে তোলা হয়েছে। এ ছাড়া ১ মার্চ জাতীয় সংসদে হাইটেক পার্ক কর্তৃপক্ষ আইন অনুুমোদিত হয়েছে। মতবিনিময় সভায় মন্ত্রণালয়ের সচিব মো. আবদুর রব হাওলাদার, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের নির্বাহী পরিচালক মাহফুজুর রহমান, মন্ত্রণালয়ের পরামর্শক মুনির হাসান প্রমুখ উপস্থিত ছিলেন। —নিজস্ব প্রতিবেদক