প্রযুক্তিসেবা দিচ্ছে তথ্যকল্যাণীরা
বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে তথ্যপ্রযুক্তির মাধ্যমে সেবা পাওয়া এখন অনেকটা সহজ করে দিয়েছে তথ্যকল্যাণীরা (ইনফোলেডি)। বর্তমানে দেশের ১৮টি জেলায় মোট ৫৩ জন নারী উদ্যোক্তার মাধ্যমে এই সেবা পাওয়া যাচ্ছে গ্রামে বসেই। তথ্যকল্যাণীর সেবার মধ্যে রয়েছে ইন্টারনেট ব্যবহারের মাধ্যমে ই-মেইল, স্কাইপে ব্যবহারে স্বজনদের সঙ্গে কথা বলা, প্রাথমিক স্বাস্থ্যসেবা, কম্পিউটার প্রশিক্ষণ ইত্যাদি। বেসরকারি উন্নয়ন সংস্থা ডেভেলপমেন্ট রিসার্চ নেটওয়ার্কের (ডি.নেটে) সহায়তায় ২০০৪ সালে পাঁচজন নারীকে দিয়ে যাত্রা শুরু হয় ‘ইনফোলেডি’ নামের নতুন এই সেবা কার্যক্রমের। শুরুর দিকে প্রথম দিকে ওই পাঁচজন নারীকে প্রাথমিক প্রশিক্ষণ দিয়ে নিজ অঞ্চলে মোবাইলের মাধ্যমে এই সেবা দেওয়া হতো। সাইকেল চালিয়ে তাঁরা গ্রামে গ্রামে গিয়ে পৌঁছে দিতেন দৈনন্দিন সেবা। ২০১০ সাল থেকে উন্নয়ন সহযোগী সংস্থা মানুষের জন্য ফাউন্ডেশন এ কাজে আর্থিক সহায়তার মাধ্যমে চালু হয় ‘প্রোমোটিং ইনফোলেডি ফর বিল্ডিং ইনক্লুসিভ ইনফরমেশন অ্যান্ড নলেজ সিস্টেম’ প্রকল্প। গতকাল শনিবার এ উপলক্ষে ঢাকার স্পেকট্রা কনভেনশন সেন্টারে একটি জাতীয় কর্মশালার আয়োজন করে ডি.নেট। অনুষ্ঠানে প্রধান অতিথি বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান বলেন, ‘তথ্যপ্রযুক্তির এই যুগে গ্রামের মানুষের কাছে এমন সেবা অত্যন্ত সুন্দর একটি উদ্যোগ। তাই বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রতি আমার অনুরোধ, সহজ শর্তে গ্রামের এই তথ্যকল্যাণী নারীদের ঋণসুবিধা দিতে। তথ্যকল্যাণী একটি নতুন ধারণা। তাই সহজ শর্তে যাতে তাঁরা ঋণ পান এবং উদ্যোক্তা হতে পারেন, সে জন্য আপনারা এগিয়ে এলে দেশ এগিয়ে যাবে।’ এতে মূল প্রবন্ধ পড়েন ডি.নেটের উপপরিচালক ও তথ্যকল্যাণী প্রকল্পের প্রধান মোশাররফ হোসেন। তিনি তাঁর প্রবন্ধে পল্লিতথ্যের কর্মসূচির আওতায় অনুষ্ঠিত বিভিন্ন গবেষণা কার্যক্রমের কথা তুলে ধরেন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডি.নেটের নির্বাহী পরিচালক অনন্য রায়হানসহ অনেকে। অনুষ্ঠানে বিভিন্ন অঞ্চলের তথ্যকল্যাণীরাও অংশ নেন এবং এ বিষয়ে নিজেদের অভিজ্ঞতা বিনিময় করেন। —ইমাম হাসান