প্রযুক্তিহীন ৯০ দিন! (ভিডিও)
প্রযুক্তি মানুষকে আষ্টেপৃষ্ঠে এতটাই বেঁধে ফেলেছে যে প্রযুক্তি ছাড়া সময় কাটানো কষ্টকর। আর বয়সে যারা তরুণ তাদের পক্ষে তো বিষয়টি আরও অসম্ভব। কিন্তু অনেকের পক্ষে অসম্ভব এ কাজটিই করে দেখালেন শিকাগোর শিক্ষার্থী জেক রেইলি। কোনো মোবাইল ফোন, ই-মেইল, ফেসবুক, লিংকডইন, টুইটারের সঙ্গ ছাড়াই দীর্ঘ তিন মাস পার করেছেন তিনি। রেইলি সম্প্রতি একটি ইউটিউব পোস্টে তাঁর প্রযুক্তি ছাড়া তিন মাস কাটানোর অভিজ্ঞতা বর্ণনা করেছেন।রেইলি জানিয়েছেন, ‘এক দিন বাসায় ছয় বন্ধু একসঙ্গে বসেছিলাম। হঠাত্ খেয়াল করলাম সবাই যার যার ল্যাপটপ নিয়ে ব্যস্ত। এরপরই আমি এই সিদ্ধান্তটি নিলাম।’প্রযুক্তির প্রতি কিছুটা বীতশ্রদ্ধ হয়েই রেইলি মোবাইল ফোন ব্যবহার বন্ধ করে দেন, এরপর বন্ধ করে দেন সামাজিক যোগাযোগের সব সাইট ব্যবহার করা। ২০১১ সালের অক্টোবরে তিনি প্রযুক্তি থেকে নির্বাসনের এ প্রকল্প শুরু করেছিলেন এবং বিষয়টি টানা তিন মাস ধরে চালিয়ে যান বলেই ‘ফোর্বস’-এর প্রতিবেদনে জানানো হয়েছে। তিনি যখন প্রযুক্তির সব ধরনের ব্যবহার এড়িয়ে চলছেন তখন তাঁর চারপাশে সবাই কিন্তু প্রযুক্তি ব্যবহার করেছে। তাই রেইলির চ্যালেঞ্জটা ছিল বেশ কঠিন।প্রযুক্তি থেকে নির্বাসনে গিয়ে কী অভিজ্ঞতা হয়েছে তাঁর? রেইলি বলেছেন, চাপ মুক্তির কথা। এ ছাড়া আরও বেশি স্বাধীন চিন্তা, সৃষ্টিশীল কিছু করার এবং বন্ধুদের বেশি সময় দিতে পারার কথাও বলেছেন তিনি। প্রযুক্তি মানুষের জীবনে এতটাই প্রভাব ফেলেছে যে এখন প্রযুক্তি ছাড়া জীবন অচল। তবে বছরে দু-একবার কিছুদিনের জন্য ই-মেইল ও স্মার্টফোন বন্ধ রাখার আইডিয়া মন্দ নয়! আর এমনই পরামর্শ দিচ্ছেন প্রযুক্তি বিশ্লেষকেরাও।