প্রশ্ন ভালো করে পড়ে উত্তর লেখা শুরু করবে

প্রতিটি শিক্ষার্থীর জন্য এইচএসসি পরীক্ষা খুব গুরুত্বপূর্ণ। এইচএসসির ফলাফল উচ্চশিক্ষায় ভর্তির ক্ষেত্রে প্রয়োজন হয়। বর্তমানে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ে পড়ার সুযোগ রয়েছে। এ ছাড়া বিশ্ববিদ্যালয়ে বা পছন্দের বিষয়ে ভর্তির জন্য নির্ভর করতে হয় এ পরীক্ষার ফলাফলের ওপর। তাই পরীক্ষার প্রস্তুতি খুব মনোযোগ সহকারে নেওয়া প্রয়োজন। নির্বাচনী পরীক্ষার পর নিশ্চয়ই ধারণা হয়েছে, কোন বিষয়ে দুর্বলতা আছে। বাকি সময়ে সেই বিষয় বা বিষয়গুলোর ওপর অধিক গুরুত্ব দিতে হবে।
মুখস্থনির্ভর পরীক্ষা পদ্ধতি থেকে বেরিয়ে এসে সৃজনশীল পদ্ধতিতে পরীক্ষা শুরু হয়েছে, যার মাধ্যমে তোমরা বিষয়বস্তুটি বুঝতে পেরেছ কি না, তা যাচাই করা যাবে। যদি মনে হয় কোনো বিষয় এখনো ঠিকভাবে বুঝতে পারছ না, তাহলে শিক্ষকদের সহায়তা নিতে পারো। এইচএসসি পরীক্ষায় নির্দিষ্ট সময়ের মধ্যে অনেক প্রশ্নের উত্তর দিতে হবে, সে জন্য সময় ব্যবস্থাপনা বেশ গুরুত্বপূর্ণ।
অনেক সময় শিক্ষার্থীরা প্রশ্নপত্র পাওয়ার পরপরই উত্তর লেখা শুরু করে। এটা পরিহার করা উচিত। সম্পূর্ণ প্রশ্নপত্রটি ভালো করে পড়ে সিদ্ধান্ত নিয়ে প্রশ্নের উত্তর লেখা শুরু করবে। যেগুলো তোমার কাছে তুলনামূলকভাবে সহজ এবং উত্তর সাবলীলভাবে দিতে পারবে, সে প্রশ্নের উত্তর দিয়েই শুরু করবে। উত্তর লেখার সময় খেয়াল রাখতে হবে, ওই প্রশ্নে যত নম্বর, সে অনুপাতে বেশি সময় যেন ব্যয় না হয়। এভাবে ধীরে ধীরে কঠিন প্রশ্নগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করতে হবে। কিছু সময় হাতে রাখতে হবে, যাতে উত্তরগুলো সম্পূর্ণ রিভিশন দেওয়ার সুযোগ থাকে। যদি পড়তে গিয়ে মনে হয় কোথাও বানান ভুল হয়েছে বা কিছু বাদ পড়েছে, সেগুলো সংশোধন বা সংযোজন করবে।
একটি কথা মনে রাখবে, কোনো বিষয়ে সঠিক উত্তর লেখা ছাড়াও পরীক্ষকেরা দুটি বিষয় পছন্দ করেন। একটি সুন্দর হাতের লেখা এবং অন্যটি পরিষ্কার-পরিচ্ছন্ন খাতা। এখন প্রতিটি শিক্ষার্থীকে প্রতিটি বিষয়ে চূড়ান্ত প্রস্তুতি নিতে হবে। পরীক্ষার ফল আশানুরূপ না হলেও নিরাশ হওয়ার কিছু নেই। কারণ, পরীক্ষার প্রস্তুতি ভালো করে নিলে বোর্ড পরীক্ষার পাশাপাশি ভর্তি পরীক্ষাতেও তা সহায়ক হবে। পাঠ্যবই ভালো করে পড়ো, প্রতিটি বিষয় কয়েকবার রিভিশন দাও ভালো করে। পরীক্ষায় তোমার কাঙ্ক্ষিত সাফল্য আসবেই। অনেক শুভ কামনা তোমাদের জন্য।
উপাচার্য, ইউনিভার্সিটি অফ এশিয়া প্যাসিফিক, ঢাকা