প্রশ্নবিভ্রাটের ৭ কারণ
ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদভুক্ত ‘গ’ ইউনিটের ভর্তি পরীক্ষায় এক সেট প্রশ্নে ৭ নম্বর প্রশ্নটি ছিল না। এর কারণ অনুসন্ধানে বাংলাদেশে এসেছিলেন
০০৭-খ্যাত জেমস বন্ড। তাঁর সঙ্গে ছিল রস+আলো।
১. সপ্তাহের সপ্তম দিন শুক্রবার ছুটির দিন। অথচ ছুটির দিনেও ৭ নম্বরকে প্রশ্নপত্রে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়। তাই ৭ নম্বর ছুটির দিনে প্রশ্নপত্রে উপস্থিত থাকেনি।
২. ৭ নম্বর নারায়ণগঞ্জে বেড়াতে গিয়ে গুম হয়। তাই প্রশ্নপত্রে ছিল না সে।
৩. লাকি সেভেন ব্যাপারটি আসলে কতটা লাকি, সেটা পরীক্ষা করার জন্যই গা-ঢাকা দেয় ৭।
৪. বিদ্যুৎবিভ্রাটের কবলে পড়ে অন্ধকারে পথ হারিয়ে ফেলে ৭। তাই প্রশ্নপত্রে তাকে দেখা যায়নি।
৫. সারা রাত ফেসবুক ব্যবহার করে সকালে ঘুম থকে উঠতে না পারায় ৭ নম্বর পরীক্ষাকেন্দ্রে উপস্থিত থাকতে পারেনি।
৬. যানজটের কবলে পড়ে রাস্তায় আটকে থাকায় পরীক্ষাকেন্দ্রে ৭ নম্বর অনুপস্থিত ছিল।
৮. মর্নিংওয়াকে বের হয়ে অজ্ঞান পার্টির খপ্পরে পড়ে ৭ নম্বর প্রশ্নপত্রে উপস্থিত থাকতে পারেনি।
বি.দ্র.: এই তদন্ত প্রতিবেদনেও ৭ নম্বর অনুপস্থিত!