প্রশ্নোত্তর

* আমার জিমেইল অ্যাকাউন্টের পাসওয়ার্ড ভুলে গেছি। এটি পেতে দুই স্তরে যাচাইয়ের (ভেরিফিকেশন) মধ্যে যেতে হবে। আমার ফোনে ভেরিফিকেশন কোড আসে। সেটা আমি লিখেও দিই। কিন্তু নতুন পাসওয়ার্ড দেওয়ার অপশন আসে না। কী করব?
মাহাথির মুরতাকিব, ঢাকা
উত্তর: জিমেইলের নিরাপত্তাব্যবস্থাকে জোরদার করতে দুই স্তরের যাচাই সুবিধাটি ব্যবহার করা ভালো। কেউ যদি জিমেইলে এটা ব্যবহার করে থাকেন, তাহলে প্রতিবার লগ-ইন এবং পাসওয়ার্ড বদলাতে গেলে দুই স্তরের নিরাপত্তাসুবিধা ব্যবহার করেই তা করতে হয়। আপনি জানতে চেয়েছেন, আপনার জিমেইলের পাসওয়ার্ড পরিবর্তন করতে গিয়ে দুই স্তরের নিরাপত্তার কোড পেয়েছেন কিন্তু সেটি কাজ করেনি। অনেক সময় নিরাপত্তা কোড আসতে দেরি হলে সেটি কাজ নাও করতে পারে।
কারণ, একটা কোড কতক্ষণ কাজ করবে, সেটি সেট করে দেওয়া থাকতে পারে। আপনি বলেছেন নিরাপত্তা কোড লিখেছেন কিন্তু পাসওয়ার্ড চেঞ্জের অপশন আসেনি। এখন আপনি যে কোডটি পেয়েছেন, সেটি ঠিকমতো লিখেছেন কি না বা কোড লেখার পরে কোনো ত্রুটিযুক্ত বার্তা পেয়েছিলেন কি না, সেটা জানাননি। দুই স্তরের নিরাপত্তার কোড কাজ না করলে Backup codes অপশন ব্যবহার করে পাসওয়ার্ড চেঞ্জ করতে পারবেন। আবার Backup phone অপশন সেট করা থাকলে সেই বিকল্প ফোন নাম্বারে কোড পাঠানোর অনুরোধ করে সেই কোড নিয়েও কাজ করা যায়। Backup codes আপনি যখন দুই স্তর নিরাপত্তাসুবিধা আপনার জিমেইলে যোগ করেছিলেন, তখনই দিয়ে দেয়।
যদি তা সংরক্ষণ করে থাকেন, তাহলে সেটি নিয়ে কাজ করতে পারেন। এখন যেহেতু পাসওয়ার্ড পরিবর্তন না করলে আপনার মূল অ্যাকাউন্টে যেতে পারছেন না, তাই ভালো হয় আবার পাসওয়ার্ড চেঞ্জের জন্য www.google.com/accounts/recovery সাইটে গিয়ে নিবন্ধিত ই-মেইল দিয়ে পরের ধাপ অনুসরণ করুন। এখানে Try a different question লিঙ্ক পাবেন। এখানে ক্লিক করলে বেশ কিছু প্রশ্ন আসবে। যদি Confirm the phone number you provided in your security settings: *****-****২১ প্রশ্নটি আসে, তাহলে আপনার যে নাম্বারটি যুক্ত আছে, সেটি এখানে লিখে আবার নিশ্চিত করুন।
অথবা Answer the security question you added to your account এলে আগে সেট করা অ্যাকাউন্ট নিরাপত্তা প্রশ্নের উত্তর লিখে Next বোতাম চাপুন। উত্তর ঠিক হলে নতুন করে পাসওয়ার্ড পরিবর্তনের অপশন চলে আসবে। অপশন এলে নতুন পাসওয়ার্ড সেট করতে পারবেন।
উত্তর দিয়েছেন
রাকিবুল হাসান