প্রশ্নোত্তর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

* আমি আমার ল্যাপটপ কম্পিউটারে উইন্ডোজ ৭ আলটিমেট ব্যবহার করি। উইন্ডোজ ৮.১ সেটআপ দিতে গেলে ড্রাইভার মিসিং দেখায়। এ ছাড়া কিছুদিন ধরে কম্পিউটারের বুট ম্যানেজার চালু হচ্ছে না। আমার ল্যাপটপের বেশির ভাগ প্রোগ্রাম শুধু নোটপ্যাডের মাধ্যমে চালু হচ্ছে। সমস্যাগুলোর সমাধান কী?
প্রচ্ছদ বিশ্বাস, নীলফামারী

উত্তর: আপনার ল্যাপটপ কম্পিউটারে নতুন করে যখন উইন্ডোজ ৮.১ সেটআপ করতে যাচ্ছেন, তখন ডিভিডি ড্রাইভ ব্যবহার করছেন নাকি ইউএসবি বুটেবল করে সেটআপ করছেন সেটি জানানো দরকার ছিল। যদি ডিভিডি ডিস্ক ব্যবহার করেন, তাহলে ড্রাইভার মিসিং বার্তা দেখাতে পারে কয়েকটি কারণে। এর মধ্যে সেটআপের সময় ইনস্টলেশন ডিস্ক বের করে নিলে, নিম্নমানের ডিভিডি ব্যবহার করে ডিস্ক বুটেবল করলে, ডিভিডি ডিস্ক বার্ন করার সময় উচ্চ গতিতে বার্ন করলে কিংবা ডিভিডি ড্রাইভ মিডিয়া (উইন্ডোজের ডিস্ক) পড়তে (রিড) না পারলে এমন বার্তা দেখিয়ে থাকে। আর বুটেবল ইউএসবি পেনড্রাইভ দিয়ে উইন্ডোজ ইনস্টল করলে উইন্ডোজের ক্ষতিগ্রস্ত (করাপ্ট) আইএসও ফাইল হলে এমন বার্তা দেখাতে পারে। সেই সঙ্গে উইন্ডোজের আইএসও ফাইল ডিভিডি ডিস্কে বার্ন করার সময় অবশ্যই কম গতিতে বার্ন করতে হবে। ভালো মানের ডিভিডি ডিস্ক ব্যবহার করে ডিস্ক বুটেবল করতে হবে। আবার অনেক সময় বায়োসের ফার্মওয়্যার হালনাগাদ করার প্রয়োজন হতে পারে। ইউএসবি পেনড্রাইভে বুট করে করতে চাইলে ভালো উইন্ডোজ আইএসও ফাইল খুঁজে নিয়ে রুফুস (https://rufus.akeo.ie) বুটেবল ইউএসবি ড্রাইভ দিয়ে পেনড্রাইভ বুট করে নিয়ে আগে অন্য কম্পিউটারে উইন্ডোজ সেটআপ পরীক্ষা করে নিতে হবে। তারপর আপনার ল্যাপটপে দেখতে হবে। আশা করি এগুলো করে ভালো ফল পাবেন। আপনি আরও জানতে চেয়েছেন কিছুদিন ধরে আপনার বুট ম্যানেজার চালু হচ্ছে না। বায়োসের বুট ম্যানেজার চালু না হলে কম্পিউটারের মাদারবোর্ডে সমস্যা থাকতে পারে। ডিফল্ট সেটিংস পরিবর্তন হয়ে গেলে এমনটি হতে পারে। এ ক্ষেত্রে বায়োসের ফার্মওয়্যার হালনাগাদ করলে ফল পাওয়া যায়।
আপনার ল্যাপটপের বেশির ভাগ প্রোগ্রাম শুধু নোটপ্যাড দ্বারা চালু হচ্ছে। অনেক সময় ভুলেই ফোল্ডার অপশনের .EXE ফাইল টাইপ Open With-এ নোটপ্যাড হিসেবে চালু করলে অন্য এক্সিকিউটেবল প্রোগ্রামগুলোও নোটপ্যাডে খুলতে থাকে। ভাইরাসের কারণেও এটি হতে পারে। এ জন্য http://bit.ly/2nz3CJA ঠিকানায় গিয়ে রেজিস্ট্রি স্ক্রিপ্টটি নামিয়ে নিয়ে আনজিপ করে ডাবল ক্লিক করে খুলবেন। তাহলে আশা করি আপনার সমস্যাটির সমাধান পেয়ে যাবেন।

উত্তর দিয়েছেন—রাকিবুল হাসান
সফটওয়্যার প্রকৌশলী