প্রস্তাবিত বাজেট ডিজিটালবান্ধব নয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরের প্রস্তাবিত বাজেট তথ্যপ্রযুক্তির অগ্রগতির পথে বাধা সৃষ্টি করবে। এ বাজেটে যেসব বিষয় গুরুত্ব পাওয়া উচিত, সেসব গুরুত্ব পায়নি।তাই এটি ডিজিটালবান্ধব বাজেট নয়। গতকাল রোববার ঢাকার সিরডাপ মিলনায়তনে দেশের তথ্যপ্রযুক্তি ব্যবসা খাতের তিন সংগঠন—বাংলাদেশ কম্পিউটার সমিতি (বিসিএস), বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেস (বেসিস) ও ইন্টারনেট সার্ভিস প্রোভাইডার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (আইএসপিএবি) আয়োজিত ‘বাজেট-পরবর্তী প্রতিক্রিয়া’ শীর্ষক সংবাদ সম্মেলনে বক্তারা এসব কথা বলেন।সংবাদ সম্মেলনে তিন সংগঠনের বিভিন্ন দাবির কথা বলতে গিয়ে বক্তারা বলেন, ‘আমরা নতুন কোনো দাবি তুলে ধরছি না। জাতীয় তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) নীতিমালায় যেসব সুযোগ-সুবিধার কথা বলা হয়েছে, তার সঠিক বাস্তবায়ন চাই।’ ইন্টারনেটের ওপর ১৫ শতাংশ কর বহাল রাখার কঠোর সমালোচনা করে একাধিক বক্তা বলেন, এর ফলে ডিজিটাল বাংলাদেশের পথ রুদ্ধ করা হচ্ছে। তাই এই কর সম্পূর্ণভাবে তুলে নেওয়ার দাবি জানান তাঁরা।বক্তারা বলেন, সরকার ডিজিটাল বাংলাদেশ গড়তে অবকাঠামোগত উন্নয়নের কথা বলছে কিন্তু ফাইবার অপটিক কেবলের ওপর কর ৩ থেকে বাড়িয়ে ১২ শতাংশ করেছে, যা আইসিটি উন্নয়নের পথে প্রতিবন্ধকতা সৃষ্টি করবে। আইটিশিল্পকে আলাদা একটি সার্ভিস কোড প্রদান এবং আইসিটি ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়কে একটি মন্ত্রণালয়ে আনাসহ নানা দাবির কথা তুলে ধরেন বক্তারা।এবারের প্রস্তাবিত বাজেটে ১৯.৫ ইঞ্চির চেয়ে বড় এলসিডি মনিটরের কর বৃদ্ধি, আইপি ফোনের কর ও শুল্ক ৬৫ শতাংশ করা, মোবাইল ফোন, প্রজেক্টর, ডিজিটাল ক্যামেরার ওপর নির্দিষ্ট কর (ফ্ল্যাটরেট) আরোপ না করারও সমালোচনা করেন বক্তারা। আইসিটি নীতিমালায় ৭০০ কোটি টাকার তহবিল গঠনের কথা থাকলেও বাজেটে এর জন্য নির্দিষ্ট কোনো উল্লেখ নেই দাবি করে বক্তারা বলেন, সরকার অন্তত এই তহবিল শুরুর জন্য এর ১০ শতাংশ অর্থ প্রদান করে তহবিল গঠনের কাজ শুরু করতে পারে। আরও কয়েকটি আইটি পার্ক গড়ে তোলার জন্য সরকারের প্রতিশ্রুতি থাকলেও এই বাজেটে এর কোনো বরাদ্দ নেই বলে বক্তারা অভিযোগ করেন। ৩০ জুন সংসদে বাজেট পাস হওয়ার আগে এসব বিষয় সমাধানের ব্যাপারে সরকারের আন্তরিক হস্তক্ষেপ কামনা করেছেন তিন সংগঠনের নেতারা।সংবাদ সম্মেলনে বিসিএসের সভাপতি মোস্তাফা জব্বার, আইএসপিবিএর সভাপতি আক্তারুজ্জামান, বেসিসের সভাপতি মাহাবুব জামান, বিসিএসের মহাসচিব মজিবুর রহমান, বেসিসের মহাসচিব ফোরকান বিন কাশেম, আইএসপিএবির সহসভাপতি সুমন আহমেদ, মহাসচিব এম এ হাকিম, বিসিএসের সাবেক সভাপতি ফয়েজউল্ল্যাহ খানসহ অনেকে বক্তৃতা করেন। —মোছাব্বের হোসেন