‘২০১৩-১৪ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট ঘোষণা করা হয়েছে ৬ জুন। যা বর্তমান সরকারের সর্বশেষ বাজেট। তাই আমরা আশা করেছিলাম এই বাজেটে প্রযুক্তি খাতের উন্নয়নে বিশেষ পদক্ষেপ নেওয়া হবে। কিন্ত এ বাজেট তথ্যপ্রযুক্তি সহায়ক হয়নি।বাজেট-পরবর্তী সংবাদ সম্মেলনে গতকাল বুধবার আনুষ্ঠানিক প্রতিক্রিয়ায় এসব কথা বলেন দেশের সফটওয়্যার ও তথ্যপ্রযুক্তি সেবা খাতের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব সফটওয়্যার অ্যান্ড ইনফরমেশন সার্ভিসেসের (বেসিস) সভাপতি এ কে এম ফাহিম মাশরুর।
সম্মেলনে ফাহিম মাশরুর আরও বলেন, ‘যেভাবে ডিজিটাল বাংলাদেশ গড়ার পথ প্রসারিত করতে বেসিস অর্থমন্ত্রী ও জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যানের কাছে দুটি প্রস্তাব দেয়। যার কোনো প্রতিফলন এবারের বাজেটে চোখে পড়েনি। তাই আমরা মনে করছি ২০১৩-১৪ অর্থবছরের বাজেট তথ্যপ্রযুক্তি সহায়ক হয়নি। অথচ প্রযুক্তি খাত বর্তমানে দেশের অন্যতম গুরুত্বপূর্ণ একটি খাত। ২০১১-১২ অর্থবছরে শুধু সফটওয়্যার রপ্তানির প্রবৃদ্ধি ছিল ৫৬ শতাংশ।’
বেসিস মিলনায়তনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে জানানো হয়, বেসিস সুপারিশ করেছিল তথ্যপ্রযুক্তিনির্ভর সেবার মূসক ৪.৫ শতাংশ থেকে শূন্য শতাংশ করা হোক, ইন্টারনেট ব্যবহারের ওপর ১৫ শতাংশ ভ্যাট প্রত্যাহার করা হোক। আগামী তিন থেকে পাঁচ বছর ই-কমার্সের সম্প্রসারণে তার ওপর থেকে খুচরা লেনদেনে মূল্য সংযোজন কর প্রত্যাহার করা উচিত। ২০০৯ সালের নীতিমালা অনুযায়ী আইসিটি শিল্প উন্নয়ন তহবিল ও কর্তৃপক্ষ গঠনের সুপারিশ করা হয়েছিল বেসিসের পক্ষ থেকে। এ ছাড়া বড় বড় করদাতা প্রতিষ্ঠানগুলোকে ভ্যাট অটোমেশনের আওতায় নিয়ে আসার সুপারিশ করে বেসিস।
তবে ঘোষিত বাজেটে এসব বিষয়ে কোনো সুস্পষ্ট বক্তব্য নেই দেখে বিস্ময় প্রকাশ করেন বেসিস সদস্যরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বেসিসের মহাসচিব রাসেল টি আহমেদ, জ্যৈষ্ঠ সহসভাপতি শামীম আহসান, কোষাধ্যক্ষ উত্তম কুমার পালসহ আরো অনেকে।—হাসানইমাম