২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তির সফটওয়্যার ও সেবা খাতের কর অবকাশ ২০২৪ সাল অবধি বাড়ানো, কম্পিউটার ও তথ্যপ্রযুক্তিতে ব্যবহৃত ক্যামেরার শুল্ক কমানো, অপারেটিং সিস্টেম, ডেটাবেইস ইত্যাদি সফটওয়্যার ছাড়া অন্য সফটওয়্যারের ওপর ৫ শতাংশ শুল্ক আরোপ এবং হাইটেক পার্কে উদ্যোক্তাদের জন্য বিদ্যুৎ ও ভ্যাট মওকুফ করার বিষয়গুলো থাকলেও হার্ডওয়্যার খাত ও তথ্যপ্রযুক্তি উন্নয়নের বিষয়টি উপেক্ষিত বলে মন্তব্য করেছে বাংলাদেশ কম্পিউটার সমিতির সভাপতি এ এইচ এম মাহফুজুল আরিফ।
গতকাল পাঠানো লিখিত একটি বাজেট প্রতিক্রিয়ায় বিসিএসের সভাপতি উল্লেখ করেছেন, আইসিটি বিভাগের জন্য ১ হাজার ৩০০ কোটি টাকা বরাদ্দকে আমাদের পক্ষে কোনোভাবেই ছোট করে দেখার সুযোগ নেই। ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার ক্ষেত্রে সরকারের ইতিবাচক ও সাহসী মনোভাবেরই প্রতিফলন ঘটেছে। অথচ হার্ডওয়্যার ও আইটি অবকাঠামো ছাড়া এর কোনোটি থেকেই সুফল পাওয়া সুদূরপরাহত বিষয়। হার্ডওয়্যার, সফটওয়্যার ও নেটওয়ার্ক খাতের সুসমন্বিত উন্নয়ন ছাড়া প্রযুক্তি খাত কখনোই উৎপাদনশীল হতে পারবে না। তাই বাজেটে তথ্যপ্রযুক্তি খাতে হার্ডওয়্যার শিল্প বিকাশের অন্তরায়গুলো দূর করার প্রত্যাশা করেছেন তিনি।
নতুন করে অনলাইন কেনাকাটার ওপর ৪ শতাংশ কর ধার্য করা এবং ব্যবহারকারী পর্যায়ে ইন্টারনেটে ১৫ শতাংশ কর অব্যাহত রাখার বিষয়টিও দেশের তথ্যপ্রযুক্তির বিকাশে অন্তরায় হয়ে থাকবে বলে উল্লেখ করেছেন মাহফুজুল আরিফ।
২০১৫-১৬ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে মোবাইল সিম বা রিমের মাধ্যমে প্রদত্ত সেবায় ৫ শতাংশ সম্পূরক শুল্ক আরোপের প্রস্তাব করা হয়েছে। ফলে মোবাইলে কথা বলা ও ডেটা (ইন্টারনেট) ব্যবহারের ব্যয় বাড়বে। এর ওপর প্রস্তাবিত ১ শতাংশ সারচার্জ সেবার খরচ আরও বেড়ে যাবে। এমনিতে মোবাইলফোনে কথা বললে বা ইন্টারনেট ব্যবহার করলে গ্রাহককে ১৫ শতাংশ মূল্য সংযোজন কর বা মূসক দিতে হয়। প্রস্তাবিত ৫ শতাংশ শুল্ক আরোপ হলে মোবাইল ব্যবহার খরচ বেড়ে যাবে। ফলে মোবাইল-নির্ভর প্রযুক্তি সেবার ব্যয় ভোক্তা পর্যায়ে বেড়ে যাবে। ইন্টারনেট ব্যবহারের ওপর থেকে ভ্যাট তুলে নেওয়ার দাবি জানিয়েছেন তিনি।