
প্রথমবারের মতো টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলছেন। উত্তেজনায় রাতে ঘুম আসে না। কত পরিকল্পনা খেলাকে ঘিরে। দেশের মাটিতে খেলা হবে। দেশের মানুষের স্বপ্ন পূরণ করতে পারবেন তো? নিজেদের আরও ভালোভাবে প্রস্তুত করা। দর্শকদের স্বপ্নকে বাস্তবে রূপ দেওয়ার জন্যই এখন দিনরাত অনুশীলন করছেন সালমা খাতুন। বাংলাদেশ জাতীয় মহিলা ক্রিকেট দলের অধিনায়ক। অধিনায়ক বলে কথা, শুধু নিজের কথা ভাবলে তো হয় না, দলের প্রতিটি খেলোয়াড়ের দিকে তাঁকে লক্ষ রাখতে হয়। ২৬ জানুয়ারি সালমা খাতুনের সঙ্গে কথা হলো ঢাকার ক্রীড়াপল্লিতে। দুপুরের বিরতিতে টিভিতে খেলা দেখছিলেন তিনি। একটু বিশ্রাম নিয়ে আবার অনুশীলন। বললেন, ‘১৬ মার্চ থেকে শুরু হবে টি-টোয়েন্টি বিশ্বকাপ। নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলা শুরু হবে আগামী ২৬ মার্চ। এর আগে অবশ্য পাকিস্তানের সঙ্গে কক্সবাজারে কয়েকটি প্রস্তুতি ম্যাচ খেলব আমরা।’
টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার জন্য ২০ জন মেয়ে এখন নিয়মিত খেলছেন। এঁদের থেকে নির্বাচিত ১৪ জনকে নিয়ে বিশ্বকাপের মূল দল তৈরি করা হবে। সেই দলে সুযোগ পাওয়ার জন্য কারও চেষ্টার কোনো কমতি নেই। সালমা বলেন, ‘দলকে প্রস্তুত করার পাশাপাশি নিজেরও প্রস্তুতি দরকার। ডানহাতি ব্যাটসম্যান ও ডানহাতি স্পিনার আমি। প্রত্যেকে ভালো করলেই তো দলের ভালো হবে। আমাদের কোচের পরামর্শে আমরা শারীরিক শক্তি বাড়ানোর জন্য বেশি পরিশ্রম করছি।’
খুলনার মেয়ে সালমা। চার ভাইবোনের মধ্যে সবার ছোট। আদরের সীমা নেই। ‘সবার ছোট তো বাড়িতে যাওয়ামাত্রই মা আমার প্রিয় খাবারগুলো খাওয়ানোর জন্য ব্যস্ত হন। সামনে এক সপ্তাহের ছুটি হবে। এখন থেকেই মা ব্যস্ত হয়েছেন আমাকে কী খাওয়াবেন। আর আমার বড় বোনের তিন বছর বয়সী ছেলে তো অপেক্ষায় আছে, কখন আমি যাব। ও তো আমার মতো ক্রিকেটার হতে চায়।’
সালমার মতো ক্রিকেটার হতে হলে কী করতে হবে—এমন প্রশ্নের উত্তরে বলেন, ছোট থেকেই শারীরিক শক্তি বাড়াতে হবে। খেলাধুলা করতে হবে। ক্রিকেটার হতে হলে একজন ভালো কোচের তত্ত্বাবধানে থাকতে হবে। একজন ভালো কোচই পারেন একজন ভালো ক্রিকেটার তৈরি করতে।
বিয়ের জন্য কেমন ছেলে পছন্দ? কথাটা শুনেই বেশ হাসলেন। জানান, ‘বিয়ে নিয়ে কোনো ভাবনা নেই। পরিবারের থেকেও কোনো চাপ নেই। স্বপ্ন ভাবনা শুধু খেলাকে ঘিরে। বিয়ের ভাবনা পরিবারের ওপরেই ছেড়ে দিয়েছি।’
এবার খেলছেন টি-টোয়েন্টি বিশ্বকাপে। সালমা খাতুন চান প্রমীলা বিশ্বকাপ ক্রিকেটে খেলতে।