প্রস্তুতি চলছেই
ইন্টারনেট উৎসবে নিজেদের কলেজ থেকে আই-জিনিয়াস হবে—এই আশায় কলেজের তিনজন শিক্ষক ইন্টারনেটের ওপরে শিক্ষার্থীদের দক্ষতা বাড়ানোর জন্য আলাদা করে ক্লাস নিয়েছেন। জয়পৃুরহাটের ক্ষেতলাল উপজেলার ছাঈদ আলতাফুন্নেছা কলেজের শিক্ষকদের সেই প্রত্যাশা অবশ্য পূরণও হয়েছে। ৩ নভেম্বর গ্রামীণফোন-প্রথম আলো ইন্টারনেট উৎসবের শেষ দিনের আসর বসেছিল ঢাকার সাভার, কেরানীগঞ্জ ও জয়পুরহাটের ক্ষেতলালের এই কলেজে। এই কলেজের একাদশ শ্রেণীর শিক্ষার্থী মানিক মণ্ডল আই-জিনিয়াস নির্বাচিত হয়েছে। মানিক যেন ঢাকার চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হতে পারে, সে জন্য কলেজের শিক্ষকদের নতুন প্রস্তুতির কথা শুনে মনে হলো সারা দেশের ১০১টি ভেন্যুতে ইন্টারনেট উৎসব শেষ হলেও ক্ষেতলালে উৎসব শেষ হয়নি! তারা চূড়ান্ত প্রতিযোগিতায় বিজয়ী হওয়ার জন্য স্বপ্ন দেখতে শুরু করেছে। সেই লক্ষ্যে নতুন উদ্যমে আবার কাজ শুরু করছে। —আজিজার রহমান