প্রাইভেসিতে পরিবর্তন আনছে ফেসবুক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পরিবর্তন আসছে ফেসবুকে
পরিবর্তন আসছে ফেসবুকে

খুব ছোটখাটো কোনো বিষয়েও পরিবর্তন আনতে হলে ফেসবুক কর্তৃপক্ষকে আগে থেকেই অনেক সাত-পাঁচ ভাবতে হয়। তাই সামান্য কিছু রদবদল করে সেটা ১২০ কোটির বেশি ফেসবুক ব্যবহারকারীর কাছে পৌঁছানোর আগে চালানো হয় ব্যাপক গবেষণা। এ জন্য ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার কিছু বিষয় আরও উন্নত করতে গিয়ে সম্প্রতি ২৭টি ভাষায় প্রতিদিন চার হাজার ব্যবহারকারীর ওপর জরিপ চালায় ফেসবুক।
অনেক ব্যবহারকারী আছেন, যাঁরা ব্যক্তিগত গোপনীয়তা বা প্রাইভেসি নিয়ে খুব একটা সচেতন নন। কালেভদ্রে হয়তোবা সেখানে কিছু পরিবর্তন আনেন। নিজের পোস্ট কাদের সঙ্গে ভাগাভাগি করবেন সেটা ঠিক না করেই হয়তো সবার সঙ্গে বা পাবলিক আকারে ক্রমাগত পোস্ট করে যাচ্ছেন। নতুন আনা পরিবর্তনে, ফেসবুক ব্যবহারকারীদের সচেতন করতে তাঁদের করা পোস্ট বন্ধু কিংবা সবার সঙ্গে ভাগাভাগি নির্দিষ্ট করে দেওয়ার একটি পপ-আপ বার্তা পাবেন। ফেসবুক প্রতিদিন ৮০ ট্রিলিয়ন প্রাইভেসি পরীক্ষা করে যেন ভুল করে কোনো পোস্ট ভুল লোকের হাতে না পড়ে।
মূল পরিবর্তনটা এই ‘অডিয়েন্স সিলেক্টর’ অপশনেই, যেখানে আপনি কোনো পোস্ট করলে সেগুলো কারা দেখতে পারবে তার অপশন থাকে। আইওএস অ্যাপের ক্ষেত্রে সেটি ডানদিকে নিচের অবস্থান থেকে ওপরে বাঁয়ে নেওয়া হয়েছে। ডেস্কটপের ওয়েব সংস্করণে অডিয়েন্স সিলেক্টরে সবগুলো অপশন না দিয়ে প্রধানত বড় করে ‘পাবলিক’ এবং ‘ফ্রেন্ডস’ এই দুটি রেখে বাকি অপশনগুলো আরেকটা সাব-মেন্যুতে রাখা হয়েছে। ফেসবুকের আরেকটা বিষয় হলো, আপনার ছবি কোনো বন্ধু যদি আবার ভাগাভাগি বা শেয়ার করেন, তাহলে সেটি কেবল উভয়ের মধ্যে থাকা পারস্পরিক বন্ধুরাই দেখতে পারেন। নতুন করে আনা পরিবর্তনে এসব ছবি কারা দেখতে পারবে সেটা নির্ধারণ করে দেওয়া ছাড়াও নিজের টাইমলাইনে থাকা কভার ফটো পাবলিক থেকে প্রাইভেট করার ব্যবস্থা যোগ হচ্ছে। —মঈন চৌধুরী