প্রাইমসেন্স অধিগ্রহণ করছে অ্যাপল

চিপ উন্নয়ন ও থ্রি ডাইমেনশনাল (থ্রিডি) মেশিন ভিশন ও মোশন সেন্সর নিয়ে কাজ করে—এমন একটি প্রতিষ্ঠান কেনার সিদ্ধান্ত নিয়েছে অ্যাপল। ‘প্রাইমসেন্স’ নামের ইসরাইলের এ প্রতিষ্ঠান এর আগে মাইক্রোসফটের এক্সবক্স কাইনেক্ট মোশন সেন্সর উন্নয়নে কাজ করেছিল। এমনিতেই অ্যাপল নিজেদের প্রযুক্তিপণ্যের পাশাপাশি অ্যানিমেশনসহ নানা ধরনের সেবা নিয়েও কাজ করছে; আর তাই ভবিষ্যতে নিজেদের পণ্যে এ প্রযুক্তি ব্যবহারের কথা মাথায় রেখে অ্যাপলের এমন সিদ্ধান্ত। প্রাইমসেন্স কেনার জন্য অ্যাপলকে প্রায় ৩৫ কোটি ডলার দিতে হবে বলেও জানা গেছে।
প্রাইমসেন্সের তৈরি সেন্সিং প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে ডিজিটাল যন্ত্রে যেকোনো দৃশ্যের ত্রিমাত্রিক রূপ দেখা যাবে। এর আগে এক্সবক্স ছাড়াও ‘ক্যাপরি’ নামে একটি থ্রিডি মোশন সেন্সর চিপ নিয়ে কাজ করে প্রাইমসেন্স। অ্যাপলের এ অধিগ্রহণ সফলভাবে সম্পন্ন হলে ভবিষ্যতে সেন্সরটি আইপ্যাড অথবা ম্যাকবুক এয়ারে ব্যবহূত হতে পারে। এ ছাড়া অ্যাপল টিভির ক্ষেত্রে এ প্রযুক্তি ব্যবহারের চিন্তাভাবনাও অ্যাপলের চলছে—এমনই জানা গেছে বিভিন্ন সংবাদমাধ্যমের আলোচনায়।
এ বিষয়ে অ্যাপলের একজন মুখপাত্র বলেন, ‘অ্যাপল বিভিন্ন সময় ছোট ছোট প্রতিষ্ঠান কিনে থাকে, যার উদ্দেশ্য বা পরিকল্পনার বিষয়টি সাধারণত প্রকাশ করা হয় না। আমরা অধিগ্রহণের এ চিন্তাভাবনা করছি, যা আমাদের বিভিন্ন পণ্যে ব্যবহূত হতে পারে।’ বিভিন্ন সংবাদমাধ্যম ও ওয়েবসাইটে নানা আলোচনা থাকলেও ঠিক কী কারণে প্রাইমসেন্স অধিগ্রহণ করা হচ্ছে, সে বিষয়েও কোনো মন্তব্য করেনি অ্যাপল।
প্রতিনিয়ত নিজেদের বিভিন্ন সেবার সুবিধা বাড়াতে বিভিন্ন প্রতিষ্ঠান অধিগ্রহণ করে নিচ্ছে বিশ্বসেরা সব প্রযুক্তি প্রতিষ্ঠান। ধারণা করা হয়, এসব প্রতিষ্ঠানের সেবাগুলোকে অ্যাপলের ভবিষ্যৎ পণ্যেই ব্যবহার করা হবে। অ্যাপল এর আগে চলতি বছরের জানুয়ারি মাসে ফ্ল্যাশ স্টোরেজ চিপ প্রস্তুতকারী প্রতিষ্ঠান ‘অ্যানোবিট’ অধিগ্রহণ করেছিল।
—বিবিসি অবলম্বনে কাজী আলম