প্রাচীন পাখির ছিল পালকে ঢাকা পা

বিশ্বের সবচেয়ে প্রাচীন পাখি আর্কিওপ্টেরিক্সের পা ছিল পালকে আবৃত। আদি পাখিটির সবচেয়ে সুরক্ষিত জীবাশ্মটি (ফসিল) নিয়ে গবেষণার পরিপ্রেক্ষিতে বিজ্ঞানীরা এ কথা জানিয়েছেন। তাঁরা বলেন, আর্কিওপ্টেরিক্স উড়তে পারত। আর এটির পালকের সঙ্গে বর্তমান যুগের পাখিদের পালকের অনেক মিল রয়েছে। নেচার সাময়িকীতে এ-সংক্রান্ত গবেষণা প্রতিবেদনটি প্রকাশিত হয়েছে। আর্কিওপ্টেরিক্সের ফসিল প্রথম উদ্ধার করা হয় ১৮৬১ সালে জার্মানির বাভারিয়া থেকে। তবে পাখিটির শারীরিক গঠন সম্পর্কে বিজ্ঞানীরা এবারই প্রথম সমন্বিত ধারণা পেয়েছেন। আর্কিওপ্টেরিক্সেরা ১৫ কোটি বছর আগে এই পৃথিবীতে বিচরণ করত। গবেষকেরা বলছেন, পাখিটির পা থেকে মাথা পর্যন্ত পালকে মোড়ানো ছিল। দেখতে এরা অনেকটা আজকের যুগের শিকারি পাখিদের (বাজপাখি বা ইগল) মতো ছিল। আর্কিওপ্টেরিক্সদের নিয়ে গবেষণায় পাখিদের উড়ার সামর্থ্য, পালকের গঠন প্রভৃতির বিবর্তন সম্পর্কে অজানা অনেক তথ্য উদ্ধারের সুযোগ রয়েছে। ইনডিপেনডেন্ট।