প্রাণঘাতী যন্ত্র হিসেবে আসছে রোবট যোদ্ধা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোবটের ব্যবহার যুদ্ধক্ষেত্রে আরও বেশি কার্যকর করতে বিজ্ঞানীরা নানা পদক্ষেপ নিচ্ছেন। যুক্তরাষ্ট্রের জর্জিয়া ইনস্টিটিউট অব টেকনোলজির অধ্যাপক হেনরিক ক্রিস্টেনসেন তাঁদের মধ্যে অন্যতম। ক্রিস্টেনসেন ও তাঁর গবেষক দল যে প্রকল্পটি নিয়ে কাজ করছে, এর অর্থায়ন করছে প্রতিরক্ষাবিষয়ক প্রতিষ্ঠান বিএই সিস্টেমস। প্রকল্পটির মূল লক্ষ্য হলো, তারা এমন সব মনুষ্যবিহীন যান তৈরি করবে, যেগুলো শত্রুদের খুঁজে বের করতে মানচিত্র তৈরি করে দেবে। এর ফলে মানবযোদ্ধারা নিরাপদ দূরত্বে থেকে কোনো ভবনে শত্রুর অবস্থান সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য পেয়ে যাবেন।ক্রিস্টেনসেন বলেন, ‘এই রোবটগুলো পরিবেশ অনুযায়ী চলবে এবং যা খুঁজছে তার একটি মানচিত্র তৈরি করবে। রোবটগুলো পঙ্গপাল বা অন্যান্য পোকামাকড়ের মতো আক্রমণ করবে। যুদ্ধক্ষেত্রে শত্রুর উপস্থিতি টের পেলেই এগুলো ঝাঁকবেঁধে চলবে। রোবটিক এই পোকাগুলোর প্রতিটি একটি করে ছোট ওয়্যারহেড বহন করবে এবং লক্ষ্যমাত্রার ওপর আক্রমণ করতে এর সক্রিয় শক্তি ব্যবহার করবে।’ ওয়াশিংটন ডিসির ব্রুকিংস ইনস্টিটিউটের ভবিষ্যৎ যুদ্ধবিগ্রহবিষয়ক বিশেষজ্ঞ পিটার ডব্লিউ সিঙ্গার বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে রোবট যোদ্ধাদের আগমন কিছু রহস্যময় প্রশ্নকে সামনে এনেছে। যখনই কোনো নতুন প্রযুক্তি হাতে আসে, তখন সেটি একটি গেম চেঞ্জার বা খেলা পরিবর্তনকারী হিসেবে আবির্ভূত হয়। বারুদ, বন্দুক, পরমাণু বোমা, কম্পিউটার, রোবট ইত্যাদি ক্ষেত্রেও এমনটি আগে ঘটেছে।’ —বিবিসি অবলম্বনে প্রদীপ সাহা