প্রাণিবৈচিত্র্য হ্রাসে সহিংসতা বৃদ্ধি?

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
অমেরুদণ্ডী প্রাণীগুলো ফসলের পরাগায়ণ, রোগনিয়ন্ত্রণ, পানি শোধন ও মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে
অমেরুদণ্ডী প্রাণীগুলো ফসলের পরাগায়ণ, রোগনিয়ন্ত্রণ, পানি শোধন ও মাটির উর্বরতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে

পৃথিবীতে মানুষের সংখ্যা গত চার দশকে প্রায় দ্বিগুণ হয়েছে। কিন্তু একই সময়ে পোকামাকড় বা অমেরুদণ্ডী প্রাণীর সংখ্যা কমেছে প্রায় ৪৫ শতাংশ। সম্প্রতি দুটি গবেষণার ভিত্তিতে একদল বিজ্ঞানী মনে করছেন, ছোট-বড় বিভিন্ন প্রাণী কমে যাওয়ার কারণেই পৃথিবীতে সহিংসতা ও অশান্তি বেড়েছে।
বেন কলেন ইউনিভার্সিটি কলেজ লন্ডনের শিক্ষক বেন কলেনের নেতৃত্বে একদল গবেষক পৃথিবীর প্রাণিবৈচিত্র্য হ্রাসের কারণ নিয়ে গবেষণা করেন। তাঁদের মতে, স্থলভূমিতে বিচরণকারী মেরুদণ্ডী প্রাণীর প্রায় ৩২২টি প্রজাতি গত ৫০০ বছরে বিলুপ্ত হয়েছে। অবশিষ্ট প্রজাতিগুলোর ২৫ শতাংশের সংখ্যা কমে এসেছে। অমেরুদণ্ডী প্রাণীর ক্ষেত্রেও বৈচিত্র্য হ্রাসের হার প্রায় একই। আগে ধারণা করা হতো, অমেরুদণ্ডী প্রাণীর টিকে থাকার ক্ষমতা বেশি।
অমেরুদণ্ডী প্রাণী হ্রাসের কারণ হিসেবে গবেষকেরা আবাসস্থলের সংকট ও জলবায়ু পরিবর্তনকে চিহ্নিত করেন। যুক্তরাষ্ট্রের একদল গবেষক এসব অমেরুদণ্ডী প্রাণী প্রজাতির হ্রাসের সঙ্গে পৃথিবীতে সহিংসতা ও অস্থিতিশীলতা বৃদ্ধির সম্পর্ক খুঁজে পেয়েছেন। ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়ার (বার্কলে) সহযোগী অধ্যাপক জাস্টিন ব্রাশার্সের নেতৃত্বে একদল গবেষক প্রাণিবৈচিত্র্য হ্রাসের সঙ্গে পৃথিবী ও মানবসমাজের পরিবর্তনের সম্পর্ক নিয়ে গবেষণা করেন। তাঁরা দাবি করছেন, পৃথিবীজুড়ে প্রাণিবৈচিত্র্য হ্রাসের কারণে সহিংসতা, সংঘটিত অপরাধ তৎপরতা ও শিশুশ্রম বাড়ছে।
গবেষকদের যুক্তি, কোটি কোটি মানুষ খাবার ও আয়-উপার্জনের জন্য প্রত্যক্ষ বা পরোক্ষভাবে বন্য প্রাণীর ওপর নির্ভরশীল। কিন্তু এসব প্রাণী কমে যাওয়ার কারণে তাদের ওপর নির্ভরশীল মানুষ অনেক ক্ষেত্রে অপরাধের সঙ্গে জড়িয়ে পড়ছে। সোমালিয়ায় জলদস্যুদের তৎপরতা বৃদ্ধির কারণ হিসেবে দেশটির সমুদ্রতীরবর্তী অঞ্চলে মৎস্যসম্পদ হ্রাসকে দায়ী করা যায়।
এ ছাড়া মানবসমাজ পরিবর্তনের জন্য পরোক্ষভাবেও প্রাণিকুলও দায়ী। অনেক প্রাণী (কেঁচো, সাপ ও পোকামাকড় ইত্যাদি) ফসল উৎপাদন, ক্ষতিকারক পোকামাকড় দমন, পানি শোধন ও জমিতে খনিজ পদার্থের উপস্থিতি বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। কিন্তু প্রাণী প্রজাতির বিলুপ্তি ও সংখ্যা কমে যাওয়ার কারণে এসব প্রাকৃতিক প্রক্রিয়া ব্যাহত হচ্ছে। ফলে পৃথিবীতে খাদ্যাভাব, বিশুদ্ধ পানির স্বল্পতাসহ নানা সমস্যা দেখা দিয়েছে। আর মানুষের জীবনের অতিপ্রয়োজনীয় খাদ্যশস্য এবং পানিস্বল্পতার কারণে বিশ্বজুড়ে মানুষের মধ্যে হানাহানি ও সহিংসতা বৃদ্ধি পাচ্ছে৷ এ কারণে সমাজব্যবস্থা ভেঙে পড়ছে। এএফপি।