প্রাণিসম্পদ অধিদপ্তরে ডিজিটাল পদ্ধতি চালু
আনুষ্ঠানিকভাবে ইউএস-এইডের অর্থায়নে প্রাণিসম্পদ অধিদপ্তরের ডিজিটাল পদ্ধতি চালু হয়েছে। সম্প্রতি আনুষ্ঠানিকভাবে অধিদপ্তরের মহাপরিচালক সুনীল চন্দ্র গাইন এ কথা জানান।ইউএসএআইডি ডেলিভার প্রজেক্ট ও প্রাণিসম্পদ অধিদপ্তরের যৌথ উদ্যোগে এটি সম্ভব হলো বলে জানান তিনি। এই প্রচেষ্টা সফল করতে ইউএসএআইডি ডেলিভারি প্রকল্প প্রয়োজনীয় কারিগরি সহায়তা প্রদান করেছে। এর আওতায় প্রাথমিকভাবে ৬৪টি জেলা প্রাণিসম্পদ অফিসে কম্পিউটার, ইন্টারনেট সংযোগ ও জনবলকে প্রয়োজনীয় প্রশিক্ষণ প্রদান করা হয়েছে। খবর বিজ্ঞপ্তির।এখন থেকে ওষুধপত্র বা ভ্যাকসিন ও চিকিৎসা যন্ত্রপাতির মজুদ, গ্রহণ ও বিতরণের হিসাব-নিকাশ কম্পিউটারের মাধ্যমে সম্পন্ন করা হবে এবং অগ্রগতির মাসিক প্রতিবেদন ওয়েবসাইটের মাধ্যমে করা হবে। এ লক্ষ্যে একটি ওয়েবসাইটও খোলা হয়েছে। ধীরে ধীরে এ সেবা ৪৮৩ উপজেলায় বিস্তৃত করা হবে। অনুষ্ঠানে বক্তব্য দেন ইউএসএআইডির ডেলিভারি প্রকল্পের কান্ট্রি টিমলিডার মো. আনোয়ার হোসেন, এ ছাড়া বিশ্বব্যাংকের সহায়তায় পরিচালিত এআইপিআরপির প্রকল্প পরিচালক নজরুল ইসলাম এবং ইউএসএআইডির অর্থায়নে পরিচালিত এসএসসিএআইবি প্রকল্পের প্রকল্প পরিচালক আবুল কালাম আজাদসহ অনেকে। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) আব্দুল বাকী।