প্রাণীকে দূরনিয়ন্ত্রণে সাফল্য
সম্প্রতি কোরিয়ার গবেষকেরা তারবিহীন পদ্ধতিতে দূর থেকে কচ্ছপকে নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়েছেন। এর আগে গবেষকেরা তেলাপোকার ক্ষেত্রেও এ ধরনের গবেষণা চালিয়ে সফল হয়েছিলেন। আশেপাশে ঘুরঘুর করে বেড়াচ্ছে তেলাপোকা, কচ্ছপ বা অতিপরিচিত কোনো প্রাণী। প্রাণীটি আবার আপনার ব্যক্তিগত তথ্য সংগ্রহ করে রাখছে নাতো? কোরিয়ার গবেষকেদের সাম্প্রতিক এ সাফল্যে সবার মনেই প্রশ্ন জাগাতে পারে। আপনার চারপাশে ঘুর ঘুর করে বেড়ানো প্রাণীটি নিজেই চলছে নাকি দূর থেকে কেউ তাকে নিয়ন্ত্রণ করছে?প্লস ওয়ান সাময়িকীতে প্রকাশিত নিবন্ধে কোরিয়া অ্যাডভান্সড ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজির গবেষকেরা তারবিহীন পদ্ধতিতে কচ্ছপের গতিপথ নিয়ন্ত্রণে সফলতার কথা জানিয়েছেন।ডিসকভার ম্যাগাজিনে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়, রিমোট কন্ট্রোলের সাহায্যে গতিপথ নিয়ন্ত্রণের পদ্ধতিটি কোনো প্রাণীকে প্রশিক্ষণে ব্যবহার করা যাবে।এ ছাড়াও প্রাণীর শরীরে বিশেষ সেন্সর যুক্ত করে দূর নিয়ন্ত্রণ মাধ্যমে গোয়েন্দাগিরি বা জরুরি কাজে লাগানো যাবে।গবেষকেরা বলছেন, পদ্ধতিটি অন্যান্য প্রাণীর ক্ষেত্রেও একইভাবে কাজ করতে সক্ষম।