প্রাণীদের জন্য প্রযুক্তি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

নিজেদের প্রয়োজনে মানুষ নানা রকম জিনিস উদ্ভাবন করেছে, করছে। কিন্তু তাদের সেসব উদ্ভাবন মানুষের চেয়ে প্রাণিজগতের আরও অনেকেরই বেশি প্রয়োজন। মানুষের কোন কোন উদ্ভাবন প্রাণিজগতের কোন কোন প্রাণীর জীবনকে আরও সহজতর করতে পারে, সেটাই দেখে নেওয়া যাক।

.
.

কাঠঠোকরার জন্য ড্রিল মেশিন
ড্রিল মেশিনের প্রয়োজনীয়তা মানুষের চেয়ে কাঠঠোকরার কোনো অংশে কম নয়। তাই তাদের জন্য ড্রিল মেশিনই হতে পারে একমাত্র অস্ত্র, যা দিয়ে তারা সহজেই গাছ ফুটো করে নিজেদের ওস্তাদ প্রমাণ করতে পারবে!

.
.

কাকের জন্য ডিম ডিটেক্টর
মেটাল ডিটেক্টর দিয়ে মানুষ বোমা বা ধাতব বস্তুর সন্ধান করে। কাকদের ডিটেক্টর ব্যবহৃত হতে পারে তাদের বংশ রক্ষার মূল হাতিয়ার হিসেবে! কে না জানে, কাকের বাসায় কোকিল ডিম পেড়ে যায়। আলাভোলা কাকেরা আবার সেই ডিমে তা দিয়ে বাচ্চাও ফুটিয়ে ফেলে। এ রকম ঘটনার হাত থেকে উদ্ধার পেতেই কাকদের জন্য দরকার ডিম ডিটেক্টর। কোনটা নিজের ডিম আর কোনটা কোকিলের, তা ডিটেক্টরই বলে দেবে।

.
.

মশার জন্য ওয়্যারলেস
কয়েলের ধোঁয়া এবং মশারির জালের বাইরে থেকেই মানুষের রক্ত চুষে নেওয়ার জন্য মশাদের দরকার ওয়্যারলেস প্রযুক্তি। এই প্রযুক্তি ব্যবহার করতে মশারা আগে মানুষের শরীরে ক্ষুদ্র একটি ডিভাইস বসিয়ে দেবে। তারপর দূরে বসে শুষে নেবে রক্ত!

.
.

বিড়ালের জন্য মাস্টার কি
বিড়ালমাত্রই ভোজনরসিক। কেউ কেউ পেটুক বলেই অপমান করে। কেবল অপমানই নয়, বিড়াল যেন খাবারের ত্রিসীমানায় ঘেঁষতে না পারে, সে জন্য তারা তালা মেরে রাখে খাবার রাখার মিটসেফে। এ জন্য বিড়ালদের সবচেয়ে বেশি প্রয়োজন মাস্টার কি, যা দিয়ে সহজেই বিড়ালেরা যেকোনো মিটসেফের তালা খুলে পেটের ভেতর বুকডন দিতে থাকা ইঁদুরটাকে খতম করতে পারবে।

.
.

কচ্ছপের জন্য জেটপ্যাক
সসেই প্রাচীনকালে কোনো এক গল্পে খরগোশের সঙ্গে রেস জেতা ছাড়া কচ্ছপের আর কোনো অর্জনের কথা আজ অবধি শোনা যায়নি! কচ্ছপেরা নিজেদের ধীরগতির জন্য আর কত কাল পিছিয়ে থাকবে? তাদেরও তো ইচ্ছা করে যুগের সঙ্গে তাল মিলিয়ে থ্রিজিকে টেক্কা দেওয়ার! তাদের এই স্বপ্নপূরণে জেটপ্যাকই সর্বোত্তম যন্ত্র!

.
.

কুকুরের জন্য ইস্তিরি
নিজেদের বাঁকা লেজটা নিয়ে সব সময় হতাশ কুকুরেরা! মানুষ তো একটা প্রবাদই বানিয়ে ফেলেছে তাদের বাঁকা লেজ নিয়ে। তবে এরও আছে সমাধান। মানুষ যেমন ইস্তিরি ব্যবহার করে কাপড় সোজা করে, তেমনি কুকুরেরাও চাইলে ইস্তিরির ডলা দিয়ে সোজা করতে পারে তাদের বাঁকা লেজ!

.
.

মাকড়সার জন্য সুতা তৈরির মেশিন
মাকড়সারা সেই আদ্যিকালের প্রথা টিকিয়ে রেখে সুতা বানিয়ে চলেছে। অথচ মানুষ এখন সুতা বানায় যন্ত্র ব্যবহার করে। এ ছাড়া দিনরাত খেটেখুটে মাত্র একটা জাল বানায় মাকড়সারা। যেটা আবার সামান্য হাতের ছোঁয়ায় ছিঁড়ে যায়। তাদের এই অমানুষিক কষ্ট লাঘবের জন্য দরকার স্পিনিং মেশিন বা সুতা তৈরির যন্ত্র।