প্রাণীপ্রেমী সাজিদ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাজিদ আলি হালদার পিএইচডি করছেন ফিনল্যান্ডের ইউনির্ভাসিটি অব  হেলসিঙ্কিতে
সাজিদ আলি হালদার পিএইচডি করছেন ফিনল্যান্ডের ইউনির্ভাসিটি অব হেলসিঙ্কিতে

ছোটবেলায় ছেলেটির ভালো লাগত জীবজন্তু আর গাছপালা। নিজের রুমে অনেকগুলো পিঁপড়া পুষতেন। বারান্দায় দাঁড়িয়ে রেলিংয়ের দিকে তাকিয়ে তাঁর মনে হতো পাতাবাহার গাছটা সোজা না হয়ে কেন বাঁকাভাবে বেড়ে উঠল। এভাবেই বেড়ে উঠতে থাকেন তরুণ প্রাণিবিজ্ঞানী সাজিদ আলি হালদার। এখন সাজিদ পিএইচডি করছেন ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিঙ্কিতে।

ছোটবেলা থেকেই সাজিদের একাডেমিক বইয়ের পড়া, মুখস্থবিদ্যা একদমই ভালো লাগত না। তাই তাঁর পরীক্ষার ফলগুলোও সব সময় শীর্ষস্থানে থাকত না। তিনি বাসার টিকটিকি, তেলাপোকা ধরে ধরে দেখতেন। তাঁর এই আগ্রহের পরিধিটা আরও বেড়ে যায়, যখন তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন। প্রাকৃতিক সৌন্দর্য আর জীববৈচিত্র্যপূর্ণ ক্যাম্পাস চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। তাই তো তিনি বিশাল বনজঙ্গলকে বানিয়ে ফেলেন ক্লাসরুম। প্রকৃতিকে বানান তাঁর শিক্ষক। কাটা পাহাড়ে বাস করে দুর্লভ সব পাখি আর হাজার হাজার ব্যাঙ। আর এই ব্যাঙই ধীরে ধীরে হয়ে উঠে তাঁর আগ্রহের বস্তু। এর মধ্যে ২০০৮ সালে একদিন সাজিদ পেয়ে যান বিরল প্রজাতির একটি ব্যাঙ। স্বভাবমতো সেটিকে তিনি ব্যক্তিগত সংরক্ষণাগারে নিয়ে গিয়ে এটির প্রজাতি ও প্রকৃতি উদ্ধারের কাজে লেগে যান। কিন্তু সারা বিশ্বে এ পর্যন্ত আবিষ্কৃত ও তালিকাভুক্ত সাড়ে ৬০০ প্রজাতির মধ্যেও এ ব্যাঙের অস্তিত্ব খুঁজে পাননি। তারপর শুরু হয় অন্য ধরনের গবেষণা।

এ ব্যাঙের ব্যতিক্রমী ডাক ও বৈশিষ্ট্য বের করতে সাজিদ যোগাযোগ করেন বিশ্বের সেরা সব প্রাণীবিজ্ঞানীর সঙ্গে। দীর্ঘ সময় ধরে পর্তুগাল, ইতালি, যুক্তরাষ্ট্র যুক্তরাজ্য, জার্মানি, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশের বিজ্ঞানীদের সহযোগিতায় ব্যাঙের ডাকের সাউন্ড অ্যানালাইসিস এবং অন্যান্য বৈশিষ্ট্য পর্যবেক্ষণের মাধ্যমে নিশ্চিত হন যে এ ধরনের ব্যাঙের অস্তিত্ব বাংলাদেশেই পাওয়া গেছে। পরবর্তী সময়ে তিনি বিশ্বের সেরা প্রাণীবিজ্ঞানীদের সম্পাদনায় প্রকাশিত বণ্য প্রাণীর শ্রেণীবিন্যাসের কাজে নিয়োজিত জার্নাল জুট্যাক্সায় এ বিষয়ে একটি প্রবন্ধ পাঠান। তিনি নিজেও জানতেন না তাঁর ভাগ্যে কী ঘটবে। শুধু স্বপ্ন দেখেন আর অপেক্ষা করতে থাকেন। অবশেষে ওই জার্নাল কর্তৃপক্ষ তাঁর আবিষ্কারের সত্যাসত্য যাচাইয়ের পর প্রবন্ধটি গ্রহণ করেন। এরপর ২০১১ সালের ৯ ফেব্রুয়ারি জুট্যাক্সা জার্নালের ২৭৬১ ভলিউমে এটি প্রকাশিত হয়। সাজিদ তাঁর শিক্ষক আসমতের নামানুসারে তাঁর আবিষ্কৃত ব্যাঙের নাম দিয়েছেন  ‘ফেজারভারিয়া আসমতি’।

সাজিদ জানান, ‘আমেরিকান মিউজিয়াম অব ন্যাচারাল হিস্ট্রির কিউরেটর ড. ড্যারেল ফ্রস্ট বিশ্বের সরীসৃপ প্রাণীর শ্রেণীবিন্যাসের ক্ষেত্রে আমাকেই সর্বকনিষ্ঠ বিজ্ঞানী বলে স্বীকৃতি দেয়।’ এটিই এনে দেয় সাজিদকে গবেষণা করার আরও সুযোগ। তিনি ফিনল্যান্ডের ইউনিভার্সিটি অব হেলসিঙ্কিতে পিএইচডি করার সুযোগ পান। ইকোলজি ও এভোলয়েশনের ওপর পিএইচডি করছেন। ভবিষতে সাজিদ দেশ ও দেশবাসীর জন্য জীববৈচিত্র্য জাদুঘর প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন।