প্রাণের খোঁজে গন্তব্য এবার বৃহস্পতির চাঁদ! (ভিডিও)
পুরু বরফের আস্তরণযুক্ত বৃহস্পতির চাঁদ ইউরোপা পৃথিবীর চাঁদের তুলনায় আকারে খানিকটা ছোট। কিন্তু এখানেই প্রাণের অস্তিত্ব থাকতে পারে বলে গবেষকদের ধারণা। এ কারণেই মঙ্গল গবেষণার পর বিজ্ঞানীদের পরবর্তী গন্তব্য ঠিক হয়েছে বৃহস্পতির চাঁদ ইউরোপায়। ২১ মার্চ টেক্সাসে অনুষ্ঠিত ‘নিউক্লিয়ার অ্যান্ড ইমার্জিং টেকনোলজিস ফর স্পেস’ নামের একটি কনফারেন্সে কর্নেল ইউনিভার্সিটি ও নাসার গবেষক স্টিভ স্কুয়েরেস এ তথ্য দিয়েছেন।ন্যাশনাল অ্যারোনটিক্স অ্যান্ড স্পেস অ্যাডমিনিস্ট্রেশনের (নাসা) গবেষক স্টিভ স্কুয়েরস জানিয়েছেন, ইউরোপার পুরু বরফের আস্তরণের নিচে যে বিশাল সমুদ্র রয়েছে, তা প্রাণ ধারণের উপযোগী হতে পারে। তাই ভবিষ্যতে নাসার গবেষকদের গন্তব্য হবে ইউরোপা। বিজ্ঞানীরা যদি রোবট সাবমেরিন পাঠানোর কথা ভাবেন, তবে ইউরোপা প্রাধান্য পাবে। কারণ, ইউরোপায় কোনো রোবট সাবমেরিন পাঠানো হলে সেটি সম্ভাবনাময় একটি অভিযান হতে পারে বলেই গবেষকরা ধারণা করছেন। বরফ সমুদ্রের আস্তরণে ঘেরা ইউরোপার বরফের নিচেই হয়তো দেখা মিলতে পারে কোনো প্রাণীর। স্কুয়েরেসের মতে, ‘ইউরোপা হচ্ছে চমত্কার গন্তব্য। এটিই হতে পারে ভিনগ্রহ বাসী খুঁজে পাবার ক্ষেত্রে সম্ভাবনাময় অভিযান।’কেবল স্কুয়েরেস একা নন, অন্য বিজ্ঞানীরাও ইউরোপাকে সম্ভাবনাময় একটি অঞ্চল হিসেবেই দেখছেন। বিজ্ঞানীদের ধারণা পৃথিবীর বাইরে একমাত্র ইউরোপার সৌরমণ্ডলে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ রয়েছে। যদিও ইউরোপা পৃথিবীর চাঁদের চেয়েও আকারে ছোট; তার পরও বরফের নিচের বিশাল সমুদ্রে প্রাণের উদ্ভব ঘটতে পারে। পানি ও সৌরশক্তি পৃথিবীতে প্রাণ ধারণের উপযোগী পরিবেশ তৈরি করেছে। ইউরোপাতেও এ দুটি উপাদান রয়েছে। এ ছাড়া সমুদ্রের তলদেশে আগ্নেয়গিরির অগ্ন্যুত্পাতের ফলে সৃষ্ট গুহা ও গরম পানির উত্স রয়েছে; যেখানে এমন ইকোসিস্টেম তৈরি হয়েছে যে যাতে প্রাণের উদ্ভব সম্ভব। পৃথিবীতেও এ রকমই ঘটে। স্কুয়েরেস বলেন, ‘ইউরোপায় কোনো অভিযান পরিচালনা করতে গেলে এই বিষয়গুলো সম্ভাবনার কথাই বলে।’ বিজ্ঞানীদের গন্তব্য ঠিক থাকলেও ঠিক এখনই ইউরোপা অভিযান শুরু করতে পারছেন না তাঁরা। এ প্রসঙ্গে স্কুয়েরেস বলেছেন, অভিযানের জন্য ইউরোপা দারুণ একটি সম্ভাবনাময় স্থান হলেও এ ক্ষেত্রে নাসার অনেক সীমাবদ্ধতা রয়েছে। নাসার আগামী এক দশকে এ অঞ্চলটিতে কোনো যান পাঠানোর পরিকল্পনা নেই। কারণ, এখানে রোবট পাঠাতে হলে যে প্রযুক্তি ও কারিগরি উন্নয়ন প্রয়োজন হবে তা বর্তমানে নাসার নেই। এখানে অভিযান চালাতে এমন একটি নভোযান তৈরি করতে হবে যা হবে রোবোট সাবমেরিন। মহাশূন্য পাড়ি দিয়ে ইউরোপায় পৌঁছানোর পর ইউরোপার কঠিন ও পুরু বরফের আস্তরণকে ভেদ করতে হবে এ সাবমেরিনকে। এ যন্ত্রটির শক্তির উত্স তৈরি করতে হবে। এরপর কমপক্ষে ১০ কিলোমিটার বরফ ভেদ করে সমুদ্রের নাগাল মিলতে পারে। সেখানে সমুদ্রের গভীরে গিয়ে প্রাণ খোঁজার উপযোগী যান তৈরি এখনই সম্ভব নয়। তাই আটকে আছে ইউরোপা অভিযান। এ অভিযান পরিচালনা করতে ব্যয়টাও চিন্তা করেছে নাসা। পুরো অভিযান সফল করতে ৪.৭ বিলিয়ন ডলার খরচ হতে পারে। কিন্তু নাসার এ বিশাল অর্থের উত্সমুখও বন্ধ হয়ে গেছে। ২০১৩ সালের বাজেটে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট বারাক ওবামা নাসার প্লানেটারি সায়েন্স বিষয়ে ১.২ বিলিয়ন ডলার মঞ্জুর করেছেন যা ২০১২ সালের চেয়েও ২০ শতাংশ কম। আগামী বছরগুলোতেও যুক্তরাষ্ট্র সরকার এ খাতে বাজেট আরও কমাবে এমনটাই ধারণা করছেন গবেষকেরা। তাই নাসার হাতে ইউরোপা জয়ের মতো পরিকল্পনা থাকলেও অর্থাভাবে তা মুখ থুবড়ে পড়েছে। স্কুয়েরেস জানিয়েছেন, নাসার গন্তব্য এখন ইউরোপার বদলে কম খরচে যাওয়া যাবে এমন কোনো গ্রহেই হবে। তবে অর্থের জোগাড় হলেই ইউরোপা মিশনটাই আগে প্রাধান্য পাবে বিজ্ঞানীদের কাছে।