প্রাথমিক বাছাইয়ে নির্বাচিত ১২৫ ধারণাপত্র

তরুণদের জন্য আয়োজিত ইএটিএল-প্রথম আলো অ্যাপস প্রতিযোগিতা-২০১৪-এ জমা পড়া ৮০৫টি অ্যাপসের ধারণাপত্রের মধ্যে বিচারকমণ্ডলীর রায়ে প্রাথমিকভাবে ১২৫টি ধারণাপত্র নির্বাচিত হয়েছে। এই ১২৫টি ধারণাপত্রের বিচারকাজ হবে আগামী ২ নভেম্বর। ধারণাপত্র জমাদানকারী দলগুলো সেদিন পুরো অ্যাপসের উপস্থাপনা দেবে।
এথিকস অ্যাডভান্সড টেকনোলজিস লিমিটেডের (ইএটিএল) প্রধান নির্বাহী কর্মকর্তা নিজাম উদ্দিন আহমেদ জানান, আগে ঘোষণা ছিল, এ পর্যায়ে শীর্ষ ১০০ ধারণাপত্র বাছাই করা হবে। কিন্তু বেশিসংখ্যক ধারণাপত্র জমা পড়ায় এবং এগুলোর মান বিবেচনা করে বিচারকেরা ১২৫টি ধারণাপত্র নির্বাচন করেছেন। নির্বাচিত ১২৫টি ধারণাপত্রের তালিকা গতকাল রোববার ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে। তালিকা পাওয়া যাবে www.eatlapps.com/talent_search/participant_list_top_100 ঠিকানায়।
গত ১ জুলাই থেকে শুরু হয়েছে মোবাইল ফোনের অ্যাপস তৈরির এ প্রতিযোগিতা। নয় মাস ধরে চলবে এটি। ধাপে ধাপে প্রতিযোগীরা এগোবেন চূড়ান্ত পর্বের দিকে। চূড়ান্ত পর্বে শীর্ষ তিন বিজয়ী দল পাবে যথাক্রমে ১০, ৫ ও ২ লাখ টাকা পুরস্কার।
নিজস্ব প্রতিবেদক