প্রাথমিক বিজ্ঞান
অধ্যায়-৫
প্রিয় শিক্ষার্থী, প্রাথমিক বিজ্ঞানের অধ্যায়-৫ এর সংক্ষিপ্ত প্রশ্নের ওপর আলোচনা করা হলো।
# সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন।
প্রশ্ন: পদার্থের দশা পরিবর্তনের কারণ কী?
উত্তর: পদার্থ কঠিন, তরল না গ্যাসীয় অবস্থায় থাকবে, এটা নির্ভর করে পদার্থের পরমাণুগুলো কীভাবে সাজানো থাকবে এবং এদের বন্ধনের দৃঢ়তার ওপর। আর তাপমাত্রার প্রভাবে এই বন্ধন ও সাজানো তারতম্য হয়ে থাকে। তাই বলা যায়, পদার্থের দশা পরিবর্তনের কারণ হচ্ছে তাপমাত্রা।
প্রশ্ন: পদার্থ কী দিয়ে গঠিত?
উত্তর: পদার্থ ক্ষুদ্র বস্তু কণিকা দিয়ে তৈরি। এই ক্ষুদ্রতম কণিকা আর ভাঙা যায় না, আমরা একে বলি পরমাণু। সব পদার্থ এই পরমাণু দিয়ে গঠিত।
প্রশ্ন: পাঁচ রকম শক্তির নাম লেখো।
উত্তর: ১। শব্দশক্তি ২। আলোক শক্তি ৩। বিদ্যুৎশক্তি ৪। তাপশক্তি ৫। পেশিশক্তি।
প্রশ্ন: পদার্থ পরমাণু দিয়ে তৈরি, এ কথা কোন বিজ্ঞানী বলেন?
উত্তর: ‘পদার্থ পরমাণু দিয়ে তৈরি’ এ কথা বলেন বিজ্ঞানী ডালটন।
প্রশ্ন: পদার্থ বলতে কী বোঝায়?
উত্তর: যার ওজন আছে, জায়গা দখল করে, বল প্রয়োগ করলে বাধার সৃষ্টি করে, তাকে পদার্থ বলে। যেমন মাটি, পানি, পাথর, কাঠ, লোহা ইত্যাদি পদার্থের উদাহরণ।
প্রশ্ন: পদার্থের দশা কয়টি ও কী কী?
উত্তর: পদার্থের দশা তিনটি। যথা— কঠিন, তরল ও বায়বীয়।
প্রশ্ন: কঠিন পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: কঠিন পদার্থের নির্দিষ্ট আকার আছে।
প্রশ্ন: তরল পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: তরল পদার্থের আয়তন আছে কিন্তু নির্দিষ্ট আকার নেই।
প্রশ্ন: বায়বীয় পদার্থের একটি বৈশিষ্ট্য লেখো।
উত্তর: বায়বীয় পদার্থের নির্দিষ্ট কোনো আকার বা আয়তন নেই।
প্রশ্ন: তাপের প্রধান উৎস কী?
উত্তর: তাপের প্রধান উৎস হলো সূর্য।
প্রশ্ন: তাপের পরিবহন পদ্ধতি বলতে কী বোঝো?
উত্তর: যে পদ্ধতিতে কোনো বস্তুর উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ সঞ্চারিত হয় অথচ পদার্থের অণুগুলোর কোনো স্থান পরিবর্তন হয় না, তাকে তাপের পরিবহন পদ্ধতি বলে।
প্রশ্ন: তাপের পরিচলন পদ্ধতি বলতে কী বোঝো?
উত্তর: যে পদ্ধতিতে কোনো পদার্থের উত্তপ্ত কণাগুলো নিজেরাই স্থান পরিবর্তন করে উষ্ণতর অংশ থেকে শীতলতর অংশে তাপ বয়ে নিয়ে যায়, তাকে পরিচলন পদ্ধতি বলে।
প্রশ্ন: তাপের বিকিরণ পদ্ধতি বলতে কী বোঝো?
উত্তর: যে পদ্ধতিতে তাপ জড় মাধ্যমের সাহায্য ছাড়া বা মাধ্যম থাকলেও তাকে উত্তপ্ত না করে উষ্ণতর বস্তু থেকে শীতলতর বস্তুতে সঞ্চারিত হয়, তাই বিকিরণ পদ্ধতি।
প্রশ্ন: সৌর বিদ্যুৎ কী?
উত্তর: সূর্যের আলোর সাহায্যে যে বিদ্যুৎ উৎপন্ন করা হয়, তাকে সৌর বিদ্যুৎ বলে।
পিয়ারা আক্তার, প্রধান শিক্ষক,
ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
# পরবর্তী অংশ ছাপা হবে আগামীকাল