প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭

প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

রচনামূলক প্রশ্ন:
প্রশ্ন: সংক্রামক রোগ কী? কীভাবে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়, উল্লেখ করো।
উত্তর: যেসব রোগ একজনের দেহ থেকে অন্যজনের দেহে সহজেই বিস্তার লাভ করার মাধ্যমে কোনো এলাকায় খুব দ্রুত ছড়িয়ে পড়ে, সেসব রোগকে সংক্রামক রোগ বলে। যেমন— জন্ডিস, বসন্ত, হাম, পাঁচড়া ইত্যাদি। এসব রোগের জীবাণু রোগীর কফ, থুতু, হাঁচি, কাশির মাধ্যমে ছড়ায়। আবার আক্রান্ত রোগীর সংস্পর্শ, খাদ্য, পানি ও বায়ুর মাধ্যমেও ছড়ায়।
সংক্রামক রোগে প্রতিরোধের উপায়: নিচে উল্লিখিত কতগুলো ব্যবস্থা গ্রহণ করার মাধ্যমে সংক্রামক রোগ প্রতিরোধ করা যায়—
১. মুখে রুমাল চেপে হাঁচি-কাশি দিতে হবে।
২. যেখানে-সেখানে কফ-থুতু না ফেলে নির্দিষ্ট স্থানে ফেলতে হবে।
৩. নিয়মিত জামা-কাপড়, বিছানার চাদর ইত্যাদি পরিষ্কার রাখতে হবে।
৪. নিয়মিত দাঁত মাজতে হবে, নখ কাটতে হবে, হাত ধুতে হবে এবং গোসল করতে হবে।
৫. পচা-বাসি খাবার খাওয়া থেকে বিরত থাকতে হবে।
৬. পানি ফুটিয়ে পান করতে হবে।
৭. সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন থাকতে হবে।
প্রশ্ন: বয়সন্ধিকাল কী? এ সময় কী কী পরিবর্তন ঘটে?
উত্তর: ১০ বছরের পর থেকে ১৯ বছর বয়স পর্যন্ত সময়কালকে ছেলে ও মেয়েদের বয়ঃসন্ধিকাল বলা হয়। মেয়েদের বয়ঃসন্ধিকাল শুরু হয় ৮ থেকে ১৩ বছরের মধ্যে। ছেলেদের ক্ষেত্রে বয়ঃসন্ধিকাল শুরুর বয়স ১০ থেকে ১৫ বছর। তবে কারও কারও ক্ষেত্রে এর চেয়ে আগে বা পরেও শুরু হতে পারে।
বয়ঃসন্ধিকালে সাধারণত ছেলে ও মেয়েদের নিচের পরিবর্তনগুলো ঘটে থাকে—
১. ছেলে ও মেয়েরা দ্রুত লম্বা হয়।
২. ছেলে ও মেয়েদের দ্রুত ওজন বৃদ্ধি পায়।
৩. ছেলেদের ক্ষেত্রে গলার স্বরের পরিবর্তন ঘটে।
৪. ছেলে ও মেয়েদের মানসিক আচরণের পরিবর্তন ঘটে।
প্রশ্ন: সোয়াইন ফ্লু কী? সোয়াইন ফ্লুর লক্ষণ কী? সোয়াইন ফ্লু সম্পর্কে তুমি তোমার এলাকায় সচেতনতা সৃষ্টির দুটি উপায় লেখো।
ক. এইচওয়ানএনওয়ান নামের একধরনের ভাইরাসের কারণে সোয়াইন ফ্লু হয়। আক্রান্ত পশুপাখির সংস্পর্শে এলে বা অল্প সেদ্ধ মাংস খেলে মানুষ সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়।
যদি কারও জ্বর ১০৪ ডিগ্রি ফারেনহাইটের উপরে হয় এবং সাথে নিচের লক্ষণগুলো প্রকাশ পায়, তবে বুঝতে সোয়াইন ফ্লুতে আক্রান্ত হয়েছে—
i. অস্বাভাবিক অবসাদগ্রস্ততা
ii. মাথাব্যথা
iii. নাক দিয়ে পানি পড়া
iv. গলা খুসখুস করা
v. ঘন ঘন শ্বাস-প্রশ্বাস অথবা কাশি থাকা
vi. ক্ষুধা কম হওয়া
vii. মাংসপেশি ও গিঁটে ব্যথা হওয়া
viii. ডায়রিয়া অথবা বমি হওয়া।
সোয়াইন ফ্লু সম্পর্কে আমি আমার এলাকায় নিচে উল্লিখিত দুটি উপায়ে সচেতনতা সৃষ্টি করব—
i. সোয়াইন ফ্লুতে আক্রান্ত হওয়ার কারণ, এর লক্ষণ ও প্রতিকার সম্পর্কে এলাকার প্রতিটি মানুষকে অবগত করব।
ii. বিভিন্ন রকমের পোস্টারে সোয়াইন ফ্লুর ভয়াবহ দিকগুলো তুলে ধরে সেগুলো এলাকার প্রতিটি ঘর-বাড়িতে লাগাব।
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি প্রাথমিক বিদ্যালয়, ঢাকা
পরবর্তী অংশ ছাপা হবে আগামী শনিবার