প্রাথমিক বিজ্ঞান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অধ্যায়-৭ 
প্রিয় শিক্ষার্থী, আজ প্রাথমিক বিজ্ঞান বিষয়ের অধ্যায়-৭ থেকে বহুনির্বাচনি প্রশ্নোত্তর দেওয়া হলো।

প্রশ্ন: ডেঙ্গু কীভাবে ছড়ায়?
উত্তর: ডেঙ্গু জীবাণুর বাহন স্ত্রী এডিস মশা। এটি সাধারণত কোনো ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, টায়ার ইত্যাদিতে জমে থাকা পানির মধ্যে বংশ বৃদ্ধি করে এবং সকাল ও সন্ধ্যার আগে মানুষকে কামড়ায়। এর ফলে ডেঙ্গু জীবাণু মানুষের শরীরে ছড়িয়ে পড়ে। ডেঙ্গু আক্রান্ত রোগীর শরীরের বিভিন্ন জায়গায় ফুলে যায় এবং জ্বর আসে।

প্রশ্ন: ডেঙ্গু প্রতিরোধে কী কী করবে?
উত্তর: ডেঙ্গু প্রতিরোধে নিচের ব্যবস্থা গ্রহণ করা যায়।
i. এডিস মশার আবাসস্থল, যেমন কোন ভাঙা দ্রব্যাদি, ফুলের টব, নারকেলের খোল, টায়ার ইত্যাদিতে পানি যেন না জমে, সেদিকে লক্ষ রাখব।
ii. এডিস মশার জন্মস্থান কেরোসিন বা কীটনাশক দিয়ে সেগুলো ধ্বংস করে দিতে হবে।
iii. বসতবাড়ির আশপাশের ঝোপঝাড় সর্বদা পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে, যাতে এডিস মশা দিনের বেলায় লুকিয়ে থাকতে না পারে।
iv. দিনের বেলায় ঘুমালেও মশারি টানিয়ে ঘুমাতে হবে।

প্রশ্ন: বাতজ্বর রোগের জীবাণুর নাম কী? বাতজ্বরের লক্ষণ উল্লেখ করো।
উত্তর: বাতজ্বর রোগের জীবাণুর নাম স্ট্রেপটোকক্কাস। সাধারণত শিশুরা বাতজ্বরে বেশি আক্রান্ত হয়। এ রোগের লক্ষণগুলো নিচে দেওয়া হলো।
i. ঘন ঘন জ্বর ও গলাব্যথা হয়।
ii. দেহের ওজন কমতে থাকে।
iii. হাত বা পায়ের গিঁটে ব্যথা হয়।
iv. মাঝে মাঝে বুকে ব্যথা হয়।

প্রশ্ন: বাতজ্বরের প্রতিকার উল্লেখ করো।
উত্তর: বাতজ্বর প্রতিকারের উপায় নিচে দেওয়া হলো:
i. বাতজ্বরের লক্ষণ দেখা দিলে যত তাড়াতাড়ি সম্ভব ডাক্তারের পরামর্শ নিতে হবে।
ii. রোগীর রক্ত ও লালা পরীক্ষা করে এ রোগের সংক্রমণ সম্বন্ধে নিশ্চিত হয়ে চিকিৎসা নিতে হবে।
iii. পুষ্টিকর খাদ্য গ্রহণ করতে হবে।
iv. এ রোগের চিকিৎসায় অবহেলা করলে হূৎপিণ্ডের ক্ষতি হওয়ার আশঙ্কা থাকে।
পিয়ারা আক্তার
প্রধান শিক্ষক, ফকিরেরপুল সরকারি
প্রাথমিক বিদ্যালয়, ঢাকা